মেয়ের বিয়ের দেনা শোধের স্বপ্ন কেড়ে নিলো চোর, রাণীনগরে ৪টি গরু চুরি

0
মেয়ের বিয়ের দেনা শোধের স্বপ্ন কেড়ে নিলো চোর, রাণীনগরে ৪টি গরু চুরি

রাণীনগর প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে এক দরিদ্র কৃষকের গোয়াল ঘরের তালা কেটে ৪টি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে উপজেলার বিজয়কান্দি গ্রামে এই চুরির ঘটনা ঘটে। সম্বল হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন কৃষক আব্দুল কুদ্দুস।

ভুক্তভোগী কৃষক আব্দুল কুদ্দুস বিজয়কান্দি গ্রামের ইয়ার আলীর ছেলে। তিনি জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও তিনি গরুগুলোকে গোয়াল ঘরে রেখে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে চোরেরা তার শয়নকক্ষের দরজায় বাইরে থেকে শিকল ও তালা লাগিয়ে দেয়, যাতে কেউ বেরিয়ে আসতে না পারে। এরপর গোয়াল ঘরের তালা কেটে একে একে ৪টি গরু নিয়ে চম্পট দেয়।

বুধবার সকালে ঘুম থেকে উঠে আব্দুল কুদ্দুস ঘর থেকে বের হতে গিয়ে দেখেন দরজা বাইরে থেকে বন্ধ। পরে প্রতিবেশীদের সহায়তায় তালা খুলে বের হয়ে গোয়াল ঘরে গিয়ে দেখেন গরুগুলো নেই। চুরি হওয়া চারটি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

আব্দুল কুদ্দুস একজন দিনমজুর। পৈতৃক সূত্রে পাওয়া মাত্র দেড় বিঘা জমি আর অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে চলে তার পাঁচজনের সংসার। গত বছর ছোট মেয়ের বিয়ে দিতে গিয়ে জামাতার পরিবারের কাছে প্রায় এক লাখ টাকা দেনাগ্রস্ত হয়ে পড়েন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে আব্দুল কুদ্দুস বলেন, “দিনমজুরি করে লাখ টাকা দেনা শোধ করা আমার পক্ষে অসম্ভব। তাই স্বামী-স্ত্রী মিলে অনেক কষ্ট করে এই গরুগুলো লালন-পালন করছিলাম। আশা ছিল ধান কাটা-মাড়াই শেষ হলেই গরুগুলো বিক্রি করে মেয়ের দেনা শোধ করব। কিন্তু চোরেরা আমার সব শেষ করে দিল। আমি এখন কী করে দেনা শোধ করব?

এ ঘটনায় কৃষক আব্দুল কুদ্দুস বাদী হয়ে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং চুরি হওয়া গরু উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।