শাহজাদপুরে শ্রমিক কল্যাণ তহবিল সংগ্রহে বাধার প্রতিবাদে সংবাদ সম্মেলন

0
শাহজাদপুরে শ্রমিক কল্যাণ তহবিল সংগ্রহে বাধার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা মিশুক ও ট্যাক্সিকার শ্রমিক ইউনিয়নের অনুকূলে শ্রমিক কল্যাণ তহবিল সংগ্রহে বাধা প্রদানের প্রতিবাদে ও অবৈধভাবে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে শুক্রবার (১৫ মে) বিকেলে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সবাবেশ করেছে সংগঠনের নেতৃবৃন্দ।

শাহজাদপুর উপজেলার করতোয়া সেতুর পূর্বপাড়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরহাদ আলী। সংগঠনের সাধারণ সম্পাদক কিবরিয়া খান সজলের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শ্রমিক নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম দপ্তরে রেজিস্ট্রিকৃত সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা মিশুক ও ট্যাক্সিকার শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- রাজঃ ৩০০১) এর নেতৃবৃন্দ স্থানীয় সিএনজি শ্রমিকদের কল্যাণের স্বার্থে সরকারের যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন নিয়ে দৈনিক ১০ টাকা হারে শ্রমিক কল্যাণ তহবিল আদায় শুরু করেন। কিন্তু, সরকারি সেই বিধিবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় প্রশাসনকে ভুল বুঝিয়ে শ্রমিক কল্যাণ তহবিল আদায় বন্ধ করে দেন উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন হাবিবুল্লাহ নগর ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মনির হোসেন গং।

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি অনুমোদন না নিয়েই হাজী মনির হোসেন গং অবৈধভাবে দৈনিক ২০/৩০ টাকা হারে চাঁদা আদায় করছেন। অথচ তারাই আবার সিএনজি শ্রমিকদের বৈধ ১০ টাকা শ্রমিক কল্যাণ তহবিল সংগ্রহে বাধা দিচ্ছেন। শ্রমিক নেতৃবৃন্দ এই অবৈধ অযাচিত হস্তক্ষেপ রোধে স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত এমপিসহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকেরা ছাড়াও শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে উক্ত অভিযোগের প্রেক্ষিতে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মনির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন , তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। তিনি বা তার কোন লোকজনের চাঁদা আদায়ের প্রশ্নই ওঠে না।