জামালপুরে ৯৬৩টি সিমসহ ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূল হোতা দুই যুবক আটক

0
জামালপুরে ৯৬৩টি সিমসহ ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূল হোতা দুই যুবক আটক

জামালপুর প্রতিনিধিঃ রেলওয়ের অনলাইন টিকিট সিস্টেমকে জিম্মি করে কৃত্রিম সংকট সৃষ্টিকারী টিকিট কালোবাজারি চক্রের দুই মূল হোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (১৫ মে) বিকেলে জামালপুর সদর উপজেলার দাপুনিয়া গ্রামে এক ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে টিকিট বুকিংয়ে ব্যবহৃত বিপুল পরিমাণ সিম কার্ড, মোবাইল ফোন এবং ট্রেনের টিকিট জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন জামালপুর সদর উপজেলার দাপুনিয়া গ্রামের বাসিন্দা মিনাতুর রহমান মিনাত (২৫), মো. শাকিব (২৪)

র‌্যাব-১৪ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দাপুনিয়া গ্রামের পুরাতন জামে মসজিদ-সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে আসামিদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৯৬৩টি সচল মোবাইল সিম কার্ড (যা অনলাইনের বিভিন্ন অ্যাকাউন্ট তৈরিতে ব্যবহৃত হতো), ১৪টি স্মার্ট ও বাটন মোবাইল সেট, ১২টি ট্রেনের আগাম টিকিট (যার বাজারমূল্য ৫ হাজার ৮৮০ টাকা)

বিকালে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে র‌্যাব জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ যাত্রীদের চোখে ধুলো দিয়ে অভিনব উপায়ে টিকিট মজুত করছিল। তারা শত শত সিম কার্ড ব্যবহার করে রেলওয়ের অ্যাপ ও ওয়েবসাইটে একাধিক ভুয়া অ্যাকাউন্ট তৈরি করত। সাধারণ সময়ে তো বটেই, বিশেষ করে ঈদ, পূজা ও বিভিন্ন উৎসবের সময়ে যখন টিকিটের তীব্র সংকট থাকে, তখন অসহায় যাত্রীদের জিম্মি করে চড়া দামে এসব টিকিট বিক্রি করত তারা।

র‌্যাব-১৪, জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই চক্রটির ওপর র‌্যাবের গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে নজরদারি রাখছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, “আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। রেলের টিকিট নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং কালোবাজারি রুখতে র‌্যাবের এই কঠোর নজরদারি ও ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”