কুমিল্লা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কুমিল্লা সফরে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। চাঁদপুর যাওয়ার পথে সরকারপ্রধানের এই সফরকে কেন্দ্র করে শনিবার (১৬ মে) সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বিস্তীর্ণ এলাকা জুড়ে উৎসুক জনতা ও নেতাকর্মীদের ঢল নামে। পুরো কুমিল্লা অঞ্চলে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শনিবার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে শুরু করে পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত পুরো সড়ক জুড়ে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সকাল ১০:৪৫ মিনিট: প্রধানমন্ত্রীর গাড়িবহর কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু এলাকা অতিক্রম করার সময় মহাসড়কের দু’পাশে অপেক্ষমাণ হাজার হাজার নেতাকর্মী স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে তাকে স্বাগত জানান। এখানে কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের পুত্র এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে এক বিশাল জমায়েত প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানায়।

সকাল ১১:৪৫ মিনিট: গাড়িবহর কুমিল্লার নিমসার এলাকায় পৌঁছালে স্থানীয় সংসদ সদস্য হাজি জসিম উদ্দিনের কর্মী-সমর্থকেরা সড়কের পাশে দাঁড়িয়ে অভিবাদন জানান। এর আগে ইলিয়টগঞ্জ এলাকায় ধর্মমন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সমর্থকেরাও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
দুপুর ১২:১৫ মিনিট: প্রধানমন্ত্রী আলেখাচর বিশ্বরোড এলাকা অতিক্রম করেন। এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি এবং কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কর্মী-সমর্থকেরা সড়কের দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানান।
একইভাবে বিজরা থেকে শুরু করে পরবর্তী সভাস্থল পর্যন্ত কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বে মহাসড়কে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায়।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এই উচ্ছ্বাসকে বর্ণনা করতে গিয়ে বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মীদের মাঝে যে উৎসাহ-উদ্দীপনা কাজ করছে, তাতে আজ কুমিল্লায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এটি ভাষায় প্রকাশ করার মতো নয়।”
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পেরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর প্রবেশ করে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কে। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক বিশেষ পথসভায় অংশ নেন তিনি।
সকাল থেকেই ব্যানার-ফেস্টুন হাতে ছোট ছোট মিছিল নিয়ে লক্ষ্মীপুর মাঠে জড়ো হতে থাকেন সমর্থকেরা। সকাল সাড়ে ১০টার মধ্যেই এই পথসভা হাজারো মানুষের উপস্থিতিতে এক বিশাল জনসমাবেশে রূপ নেয়।
দুপুর ১টার পর প্রধানমন্ত্রী সভামঞ্চে আরোহণ করলে উপস্থিত জনতা মুহুর্মুহু করতালির মাধ্যমে তাকে বরণ করে নেন। সরকারপ্রধানও হাত নেড়ে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছার জবাব দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান এই পথসভার বিষয়টি নিশ্চিত করে জানান, এটি মূলত চাঁদপুর যাওয়ার পথে একটি সৌজন্যমূলক সংক্ষিপ্ত পথসভা ছিল।
বরুড়ার পথসভা শেষ করে প্রধানমন্ত্রী চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন। তাঁর দিনব্যাপী সরকারি ও সাংগঠনিক কর্মসূচির মধ্যে রয়েছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারের ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন এবং দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামে ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক সূচনা। বিকেল ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সাথে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই হাইপ্রোফাইল সফরকে কেন্দ্র করে কুমিল্লার গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থলগুলোতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারাও মাঠে সক্রিয় রয়েছেন। এত ভিড়ের মাঝেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

