মাসুদ রানা রাব্বানী: ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু বলেছেন, ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে|
এ লক্ষ্যেই নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ করা হচ্ছে| রোববার (১৭ মে) বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়াপ্রতিভা অন্বেষণ কার্যক্রমের রাজশাহী আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন| ভূমিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন করা হয়েছে|
এ ধরনের উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চল থেকে মেধাবী খেলোয়াড় বেরিয়ে আসবে| তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ অংশ| অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করতে হবে| একই সঙ্গে যোগ্য খেলোয়াড় হিসেবে নিজেদের গড়ে তুলে দেশসেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান তিনি| আঞ্চলিক পর্যায়ের এ প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলা থেকে আসা শিশু-কিশোর প্রতিযোগীরা নির্ধারিত পোশাকে সারিবদ্ধভাবে মাঠে অবস্থান নেয়| গ্যালারিতে ছিল অভিভাবক ও দর্শনার্থীদের ভিড়| জাতীয় পতাকা, ব্যানার-
ফেস্টুন ও ক্রীড়া সাজসজ্জায় পুরো স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়| ড. আ. ন. ম. বজলুর রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সাঈদ চাঁদ, মোহাম্মদ শাহজাহান, মোঃ রেজাউল আলম সরকার, মোহাম্মদ হাবিবুর রহমান, ড. চিত্রলেখা নাজনীন, মোহাম্মদ ফয়েজুল কবির, কাজী শহিদুল ইসলাম, এরশাদ আলী ঈশা এবং মোহাম্মদ নাইমুল হাছান|
এছাড়া অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ) মোঃ মহিনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন|

