জয়নাল আবেদীনঃ রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। বুধবার রংপুর সিটি কর্পোরেশন প্রাঙ্গণে এ কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক রংপুর মহানগর বিএনপি‘র সদস্য সচিব মাহফুজ উন নবী চৌধুরী ডন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাকিব হাসান, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজকুমার রায়, পরিচ্ছন্ন কর্মকর্তা নাজমুল হাসান প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: কামরুজ্জামান এবনে তাজ এবং প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো: নাঈমুল হকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
রংপুর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নিম্নবিত্ত ও নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে টিসিবির কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও সহজ করতে উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আশা, স্মার্ট কার্ডের মাধ্যমে সেবা গ্রহণ প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে।
উল্লেখ্য রংপুর সিটি কর্পোরেশনে পঞ্চম ধাপে ৩৩টি ওয়ার্ডে ২ হাজার ৭শ৮১টি স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। সিটি কর্পোরেশনে মোট ৯৯ হাজার ২শ৬৮টি কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৭৯ হাজার ৮শ৯৮টি কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে।

