ফরিদপুর প্রতিনিধি: গভীর রাতে আকস্মিকভাবে ফরিদপুরের মধুখালীতে মশাল হাতে রাজপথে নেমেছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একদল নেতাকর্মী। বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার কামারখালী এলাকায় এই ঝটিকা মিছিলের ঘটনা ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সংগঠনটি নিষিদ্ধ হওয়ার পর এই এলাকায় এটিই তাদের প্রথম প্রকাশ্য তৎপরতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই এই মশাল মিছিলের ১ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ২৫ জনের একটি দল মশাল জ্বালিয়ে মহাসড়কে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।
নিজেদের পরিচয় গোপন রাখতে মিছিলে অংশগ্রহণকারী অধিকাংশ নেতাকর্মীর মুখে মাস্ক পরা ছিল। মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পাশাপাশি ‘শেখ শেখ শেখ মুজিব লও লও লও সালাম’, ‘কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’—এমন বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়।
হঠাৎ করে এসে মিছিলটি মাত্র কয়েক মিনিটের মধ্যে মহাসড়ক ত্যাগ করায় স্থানীয়রা কাউকেই তাৎক্ষণিকভাবে চিনতে পারেননি। রাতের অন্ধকার এবং মুখের মাস্কের কারণে প্রাথমিকভাবে মিছিলকারীদের নাম-পরিচয় বা তারা স্থানীয় কোনো পদধারী নেতা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মিছিলটির নেতৃত্বে মধুখালী উপজেলা ছাত্রলীগের একাংশ ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিষিদ্ধ সংগঠনের এমন ঝটিকা মিছিলের পর এলাকায় এক ধরনের চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন “রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের এভাবে প্রকাশ্যে মিছিল বা শোডাউন করার কোনো সুযোগ নেই। আমরা মিছিলের বিষয়টি জানতে পেরেছি। তবে ভিডিওটি এখনও আমাদের হাতে আসেনি। পুরো ঘটনা এবং এর পেছনে কারা জড়িত তা জানতে আমাদের টিম খোঁজখবর নিচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

