জয়নাল আবেদীনঃ ঈদের অনাবিল আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হলো দুটি পরিবারে। রংপুরের তারাগঞ্জে যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই কিশোর বন্ধু। সাঁতার না জানার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
শুক্রবার (২৯ মে) দুপুরে তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের তেলীপাড়া গ্রামের বাসিন্দা অহিদ ইসলাম (১৫) ও মাসুদ রানা (১৬) নামের দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ৫ থেকে ৭ জন বন্ধু মিলে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে যমুনেশ্বরী নদীতে গোসল করতে যায়। এদের মধ্যে অহিদ ও মাসুদ সাঁতার জানত না। গোসলের একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে যায়। বন্ধুদের চিৎকার ও খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত নদীতে নেমে তাদের উদ্ধার করেন।
উদ্ধারের পর দেখা যায় অহিদ ঘটনাস্থলেই মারা গেছে। অন্যদিকে মাসুদ রানাকে আশঙ্কাজনক অবস্থায় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নিহত দুই কিশোরই জীবিকার তাগিদে ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করত। স্থানীয়রা জানান, ভ্যানচালক বাবার সন্তান অহিদ পরিবারকে আর্থিক সহযোগিতা করতে এক বছর আগে ঢাকায় যায়। আর মাসুদ বাবা-মার সঙ্গেই ঢাকায় থাকত। পবিত্র ঈদুল ফিতর পরিবারের সঙ্গে উদযাপন করতে ঈদের মাত্র কয়েকদিন আগে তারা ঢাকা থেকে গ্রামের বাড়ি তেলীপাড়ায় এসেছিল। দুই বন্ধুর এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বেলা ১টার দিকে একজনের এবং দেড়টার দিকে অপরজনের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে আইনি প্রক্রিয়া মেনে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

