‘উপদেষ্টারা শত শত কোটি টাকা পাচার করেছে, এরা চিটার-বাটপাড়’— বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বিস্ফোরক অভিযোগ

0
‘উপদেষ্টারা শত শত কোটি টাকা পাচার করেছে, এরা চিটার-বাটপাড়’— বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বিস্ফোরক অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করে দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তিনি অভিযোগ করেছেন, ড. ইউনূসের সরকার দেশের চারটি প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে এবং ৩০ বছর বয়স হয়নি এমন তরুণেরা উপদেষ্টা হয়ে দেশ-বিদেশে শত শত কোটি টাকা পাচার করেছে।

আজ সোমবার (১ জুন) সকালে কিশোরগঞ্জের অষ্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বিস্ফোরক মন্তব্য করেন।

বক্তব্যের শুরুতেই দেশের বর্তমান যুবসমাজ ও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফজলুর রহমান বলেন “আমি দীর্ঘদিন ধরেই বলে আসছি আমাদের নতুন জেনারেশনটা ধ্বংস হয়ে গেছে। এ দেশে সুদূরপ্রসারী চক্রান্তের মাধ্যমে গোপন বা গুপ্ত সংগঠন তৈরি করে একটা বিশেষ রাজনৈতিক দল গঠন করা হয়েছে। এই প্রজন্মের তরুণদের মাঝে কোনো লেখাপড়া নেই, খেলাধুলা নেই, সংগীত-সংস্কৃতি নেই, এমনকি প্রকৃত ধর্মপালনও নেই।”

তিনি আরও বলেন, “তাদের মূল কাজই হলো কীভাবে চক্রান্ত আর ষড়যন্ত্রের জাল বুনে ছাত্রসমাজকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে রাজপথের মিছিলে নামানো যায়। তরুণদের জীবনকে এভাবে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে তারা মূলত নিজেদের আখের গুছিয়েছে।”

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের অন্যতম সমন্বয়ক ও বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং এক সাবেক উপদেষ্টার বিরুদ্ধে সরাসরি আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তোলেন।

সুনির্দিষ্ট ঘটনার উল্লেখ করে তিনি দাবি করেন গত বছরের ৫ আগস্টের পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের একজন তরুণ উপদেষ্টা কুমিল্লার জেলা প্রশাসকের (ডিসি) কাছে গিয়ে সরাসরি ১৫ কোটি টাকা দাবি করেন। সরকারি রাজস্ব ভাণ্ডার থেকে সেই টাকা দিতে বাধ্য করা হয়।

বর্তমান সংসদ সদস্য (এমপি) হাসনাত আব্দুল্লাহর নাম উল্লেখ করে ফজলুর রহমান বলেন, “হাসনাত আব্দুল্লাহ নিজে কুমিল্লার ডিসির কাছে গিয়ে বলেছেন, ‘আমারে ১০ কোটি টাকা দিয়ে দাও’।”

উপস্থিত জনতাকে উদ্দেশ করে বিএনপির এই নেতা ক্ষোভের সাথে বলেন, “এরা চরম অমানুষ, চিটার এবং বাটপাড়। মানুষের ভবিষ্যৎ ও জেনারেশন ধ্বংস করার জন্য এদের মতো ক্ষতিকারক মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। এদের ধ্বংস করার মতো কোনো মেশিন বা প্রযুক্তি এখন পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়নি।”

কিশোরগঞ্জের হাওর অঞ্চলের এই অনুষ্ঠানে ফজলুর রহমানের এমন সরাসরি এবং আক্রমণাত্মক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ জাতীয় রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিদায়ী অন্তর্বর্তী সরকারের দুর্নীতি ও অর্থ পাচারের এই গুরুতর অভিযোগ নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ কিংবা সংশ্লিষ্ট সাবেক উপদেষ্টার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।