ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ ও ষড়যন্ত্র বন্ধের দাবিতে জয়পুরহাটে গ্রাহকদের মানববন্ধন

0
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ ও ষড়যন্ত্র বন্ধের দাবিতে জয়পুরহাটে গ্রাহকদের মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধিঃ  বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান মোঃ খুরশীদ আলমের অপসারণ ও ব্যাংকের স্থিতিশীলতা, গ্রাহক আস্থা ও সুশাসন রক্ষা সহ সকল প্রকার ষড়যন্ত্র বন্ধের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২ জুন) সকালে ব্যাংকের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম জয়পুরহাটের আয়োজনে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচিতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম জয়পুরহাট কমিটির সভাপতি হেলাল উদ্দিন।

এসময় ব্যাংকের দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য দেন ব্যাংকের গ্রাহক, আব্দুল বাতেন, খাতিজা খাতুন, আনোয়ার হোসেন, সাঈদুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ২৪ মে সরকারের হস্তক্ষেপে ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগে বাধ্য হন এবং ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে ছুটিতে পাঠানো হয়। পরে বাংলাদেশ ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারি করে সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়, যা তারা প্রত্যাখ্যান করেন। এই নিয়োগ বাতিল করে পূর্বের ব্যবস্থাপনা পুনর্বহাল এবং ব্যাংকের প্রকৃত মালিকদের নিয়ে নতুন করে পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানান।

বক্তারা আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকে ব্যাপক লুটপাট চালিয়েছে। ২০২৪ সালে ব্যাংকটি লুটেরাদের কবল থেকে উদ্ধার করা হলেও আবারও সেই চক্রকে ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে।ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে বিভিন্নভাবে হস্তক্ষেপ করা হচ্ছে এবং সুশাসন ব্যাহত করা হচ্ছে।

মানববন্ধনে, গ্রাহকদের আস্থা, ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে ইসলামী ব্যাংকের ওপর গভর্নরের অবৈধ হস্তক্ষেপ বন্ধ, ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা সহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়।

মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।