রাণীনগর প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা এক ভয়াবহ আগুনে একটি বসতবাড়ির সর্বস্ব পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আগুনে ঘরবাড়ি, আসবাবপত্র ও নগদ টাকাসহ সবকিছু হারিয়ে পরিবারটি এখন সম্পূর্ণ নিঃস্ব। বুধবার (৩ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের কালীগ্রাম দিঘীরপাড়া গ্রামের বেলাল সোনারের বাড়ীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলাল সোনার ওই গ্রামের রেজাউল সোনারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলাল সোনারের পরিবারের সবাই ঘরের দরজায় তালা দিয়ে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন। বুধবার সকালে বাড়িটি জনশূন্য ছিল। সকাল ৮টার দিকে হঠাৎ করেই বন্ধ ঘরের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বের হতে দেখেন প্রতিবেশীরা।
বেলালের বড় ভাই সেলিম সোনার জানান, আগুন দেখে স্থানীয় লোকজন ছুটে এসে তা নেভানোর আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার ফাইটারদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সেলিম সোনার আরও জানান, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরের ভেতরের ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র, টিনের চালা এবং ঘরে রাখা নগদ ৩০ হাজার টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় আড়াই লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পরিবারটি। আগুনে বেলালের ঘরের একটি সুতার বস্ত্রও রক্ষা করা যায়নি। এমনকি বেলালের ঘরের পাশেই সেলিম সোনারের নিজের বাড়িরও বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবকিছু হারিয়ে আজ থেকে বেলাল ও তার পরিবারকে খোলা আকাশের নিচে দাঁড়াতে হচ্ছে।
রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ফায়ারফাইটার সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পাওয়ার পরপরই আমাদের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস দ্রুত পদক্ষেপ না নিলে আশপাশের আরও বেশ কয়েকটি বাড়ি আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত।” প্রাথমিকভাবে পরিবারের বর্ণনা ও আলামত দেখে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন এই ফায়ার কর্মকর্তা।
ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়ে জানতে চাইলে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাকিবুল হাসান জানান, “অগ্নিকাণ্ডে একটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি আমরা জেনেছি। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ওই পরিবারটিকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।”

