শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি বালু পয়েন্ট সংলগ্ন করতোয়া নদী থেকে বৃহস্পতিবার ( ৪ জুন) সকালে এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এদিন ভোরে এলাকাবাসী করতোয়া নদীতে বৃদ্ধার ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ সকাল ৯ টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসমান লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে তার সজনরা ঘটনাস্থলে এসে লাশটি সনাক্ত করেন। করতোয়া নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া বৃদ্ধার নাম মায়া রানী শীল। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা পালপাড়া গ্রামের মৃত বিষ্ণুপদ শীলের স্ত্রী। মৃত মায়া রানীর বড় ছেলে নব কুমার শীল জানান, প্রায় ১০০ বছর বয়সী তার মা গত মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। প্রথমে স্থানীয়ভাবে এবং পরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল অনেক খোঁজাখুজির পরও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসমান লাশের খবর জানতে পেরে তারা ঘটনাস্থলে এসে তার মায়ের মরদেহ সনাক্ত করেন। এদিকে করোতোয়া নদী থেকে বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধারের ঘটনার খবর ছড়িয়ে পড়লে নদীর পাড়ে শত শত উৎসুক নারী-পুরুষ ভীড় জমায়।
এ বিষয়ে বৃহস্পতিবার (৪ জুন) থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) নাজমুল কাদের জানান, উপজেলার গাড়াদহ ইউনিয়নের করোতোয়া নদী থেকে বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। উল্লাপাড়া উপজেলার ভাতিজা পাল পাড়া গ্রামের নবকুমার শীল তার মায়ের লাশ শনাক্ত করেছেন। আইনগত প্রক্রিয়ার শেষে উদ্ধার করা বৃদ্ধার মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ##

