জয়নাল আবেদীনঃ বিশ্বখ্যাত ফুটবল মহোৎসবের উদ্বোধনী দিন যতই ঘনিয়ে আসছে, রংপুরের ফুটবলপ্রেমীদের মাঝে উন্মাদনা ও রোমাঞ্চ ততই তুঙ্গে উঠছে। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে ব্যানার, ফেস্টুন, মিছিল আর শোভাযাত্রায় মুখর হয়ে উঠেছে পুরো অঞ্চল। এরই ধারাবাহিকতায় রংপুরের পীরগঞ্জে ৪৫০ ফুট দীর্ঘ আকাশী-সাদা পতাকা নিয়ে এক অভূতপূর্ব আনন্দ শোভাযাত্রা করেছে আর্জেন্টিনার সমর্থকরা। অন্যদিকে, বিভাগীয় নগরী রংপুরে নতুন করে ঢেলে সাজানো হয়েছে ‘আর্জেন্টিনা ফ্যানস ক্লাব’-এর কমিটি।
শুক্রবার (৫ জুন) বিকেল ও সন্ধ্যায় পৃথক দুটি উৎসবমুখর কর্মসূচির মধ্য দিয়ে রংপুরের আর্জেন্টাইন ভক্তরা তাদের ফুটবলপ্রেমের অনন্য নজির স্থাপন করেন।
শুক্রবার বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বিশাল ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেন স্থানীয় আর্জেন্টিনা ফুটবল দলের অনুরাগী ও সমর্থকরা। শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল ৩০০ হাত তথা ৪৫০ ফুট দীর্ঘ একটি বিশালাকার আর্জেন্টিনার পতাকা।
আনন্দ শোভাযাত্রাটি পীরগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় পুরো উপজেলা স্লোগানে স্লোগানে মাতোয়ারা হয়ে ওঠে। এতে অংশ নেন কয়েক হাজার ফুটবল অনুরাগী।
সমর্থকদের গায়ে ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সি। কারো হাতে ছিল বাংলাদেশের লাল-সবুজ পতাকা, আবার কারো হাতে আর্জেন্টিনার পতাকা। বাঁশিসহ নানা ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, যা সাধারণ পথচারীদের দারুণভাবে নজর কাড়ে।

এই ব্যতিক্রমী আয়োজনের মূল উদ্যোক্তা মাহমুদুল, কাজল, পাপ্পু, জাকির ও সানি বলেন, “ফুটবল বিশ্বকাপকে বরণ করে নিতে এবং প্রিয় দলের প্রতি নিখাদ ভালোবাসা জানাতেই আমাদের এই আয়োজন। সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এটি সফল হয়েছে। আমরা বিশ্বাস করি, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি করে এবং তরুণ সমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ইতিবাচক পথে উৎসাহিত করে।”
এদিকে একই দিন (শুক্রবার) সন্ধ্যায় রংপুর টাউন হল চত্বরে এক জরুরি সভার আয়োজন করা হয়। সভায় সামগ্রিক প্রস্তুতি ও ভক্তদের সুশৃঙ্খলভাবে খেলা দেখার সুযোগ করে দিতে ‘রংপুর আর্জেন্টিনা ফ্যানস ক্লাব’-এর কমিটি পুনর্গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির শীর্ষ নেতৃত্ব সভাপতি আসাদুজ্জামান আফজাল (সিনিয়র ফটো সাংবাদিক), সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রিন্স (সাংবাদিক), সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত জীবন
২২৯ সদস্যবিশিষ্ট এই বিশাল কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান আফজাল তাদের আগামী দিনের পরিকল্পনার কথা জানান।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রিয় দলের বিশ্বমঞ্চের লড়াইকে স্মরণীয় করে রাখতে আগামী ১৫ জুন বিভাগীয় নগরী রংপুরে একটি বৃহৎ ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হবে। এছাড়া, বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার প্রতিটি ম্যাচ রংপুর টাউন হল চত্বরে বিশাল বড় পর্দার (প্রজেক্টর) মাধ্যমে উন্মুক্তভাবে দেখানোর ব্যবস্থা করা হবে, যাতে সব ভক্ত একসঙ্গে বসে গ্যালারির আমেজ উপভোগ করতে পারেন।
নতুন কমিটির সভাপতি আসাদুজ্জামান আফজাল এক আবেগঘন বক্তব্যে বলেন, “আমরা আজ ভিনদেশি দল আর্জেন্টিনাকে সমর্থন করছি ফুটবলের সৌন্দর্যের কারণে। তবে আমাদের মনে মনে এই বড় স্বপ্নটাও আছে যে, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও একদিন বিশ্ব ফুটবলের মূল মঞ্চে লড়াই করবে। যেদিন লাল-সবুজের দল বিশ্বকাপে খেলবে, সেদিন আমাদের আনন্দের বহিঃপ্রকাশ ও উৎসবের পরিধি হবে সম্পূর্ণ অন্যরকম এবং অনন্য।”

