
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে জেন-জি (Gen-Z) বা তরুণ প্রজন্মের হাত ধরে আসা ‘সরকার পতনের হাওয়া’ এবার কি তবে ভারতের দিকে মোড় নিচ্ছে? শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের পর এবার বেকারত্ব, দুর্নীতি আর পরীক্ষা জালিয়াতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে ভারতের যুবসমাজ। কোনো মূলধারার রাজনৈতিক দল নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে উঠে আসা সম্পূর্ণ অরাজনৈতিক ও ব্যঙ্গাত্মক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র ডাকে শনিবার (৬ জুন) স্মরণকালের অন্যতম বড় ছাত্র-যুব বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।
তীব্র তাপদাহ ও ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে জড়ো হয়েছেন হাজার হাজার তরুণ ও শিক্ষার্থী। তাদের স্পষ্ট দাবি—সাম্প্রতিক একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেশজুড়ে যে ভয়াবহ জালিয়াতি ও প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে, তার দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
‘তেলাপোকা’ কটাক্ষ থেকে ২ কোটি ২০ লাখের গণআন্দোলন: নেপথ্যের গল্প
এই আন্দোলনের সূচনা কিন্তু রাজপথে হয়নি, হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। চলতি বছরের মে মাসে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ভুয়া ডিগ্রিধারী পেশাজীবীদের ইঙ্গিত করে ‘ককরোচ’ বা তেলাপোকা বলে মন্তব্য করেন। ভারতের কোটি কোটি বেকার ও চাকরিপ্রত্যাশী যুবক এই মন্তব্যকে নিজেদের প্রতি চরম কটাক্ষ হিসেবে ধরে নেন।

এই ক্ষোভকে পুঁজি করে বোস্টন ইউনিভার্সিটির স্নাতক ৩০ বছর বয়সী পিআর-এর ছাত্র অভিজিৎ দিপকে ইন্টারনেটে একটি সাধারণ গুগল ফর্ম পোস্ট করে ‘ককরোচ জনতা পার্টি’র যাত্রা শুরু করেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি একটি তেলাপোকার মাসকট নিয়ে শুরু হওয়া এই ডিজিটাল আন্দোলন মাত্র কয়েকদিনেই সামাজিক মাধ্যমে ঝড় তোলে। বর্তমানে ইনস্টাগ্রামে এর ফলোয়ার সংখ্যা ২ কোটি ২০ লাখ পার হয়ে গেছে, যা দেশটির মূলধারার রাজনৈতিক দল বিজেপি বা কংগ্রেসকেও ছাড়িয়ে গেছে।
আন্দোলনের গভীরতা বুঝতে পেরে শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। বিমানবন্দরে নামার আগে তিনি ইনস্টাগ্রামে লেখেন, “পরিবার আশঙ্কায় ছিল আমি গ্রেপ্তার হতে পারি। কিন্তু কতদিন আমরা জেলের ভয়ে মুখ বুজে থাকব? এই দেশ তো কোনো একটি নির্দিষ্ট দলের নয়!”
বিমানবন্দরের টার্মিনাল-৩ থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “শিক্ষামন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এই পরীক্ষা কেলেঙ্কারির মানসিক চাপ সইতে না পেরে ইতিমধ্যে পাঁচজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে।” পরে যন্তর মন্তরের সমাবেশে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আপনারা সোশ্যাল মিডিয়ায় আমাদের পোস্ট মুছতে পারবেন, অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন, কিন্তু এই মাঠ থেকে আমাদের মুছে ফেলা যাবে না।”
বিক্ষোভের তীব্রতা বিবেচনা করে যন্তর মন্তর ও সংসদ মার্গ এলাকায় ১ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ড্রোনের মাধ্যমে বিক্ষোভস্থলের ওপর কড়া নজরদারি চালাচ্ছে দিল্লি পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনের বাইরেও অতিরিক্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। মহারাষ্ট্রে দিপকের পৈতৃক বাসভবনেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এই তরুণদের আন্দোলনে সংহতি জানিয়ে সরাসরি যন্তর মন্তরের মাঠে নেমে এসেছেন ভারতের বিশিষ্ট শিক্ষাসংস্কারক ও জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। তিনি জানান, অভিজিৎ দিপকের সঙ্গে কথা বলে তার মনে হয়েছে এই আন্দোলন অত্যন্ত দেশপ্রেমিক এবং এটি কোনো বিদেশি শক্তির প্রভাবে পরিচালিত হচ্ছে না, বরং এটি ভারতীয় তরুণদের আসল কণ্ঠস্বর। আন্দোলনের সমর্থনে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর থেকে মোদী সরকার এমনিতেই পূর্বের তুলনায় দুর্বল অবস্থানে রয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় যেকোনো সিদ্ধান্তের জন্য তাদের নীতীশ কুমার বা চন্দ্রবাবু নাইডুর মতো জোট সঙ্গীদের ওপর নির্ভর করতে হচ্ছে। সম্প্রতি সংসদে একটি গুরুত্বপূর্ণ বিল পাস করতে গিয়েও ধাক্কা খেয়েছে বিজেপি।
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে যদি বরখাস্ত করা হয়, তবে তা সরকারের দুর্বলতা হিসেবে প্রকাশ পাবে এবং বিরোধী দলগুলো একে বড় রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করবে। যদি পুলিশ দিয়ে এই ছাত্র আন্দোলন দমনের চেষ্টা করা হয়, তবে বাংলাদেশ বা নেপালের মতো হিতে বিপরীত হতে পারে। কারণ, সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, ভারতে ২৫ বছর বা তার কম বয়সী গ্র্যাজুয়েটদের প্রায় ৪০ শতাংশই বর্তমানে বেকার।
এই ডিজিটাল আন্দোলনকে পেশাদার রূপ দিতে ইতিমধ্যে একজন অনুসন্ধানী সাংবাদিক, একজন চলচ্চিত্র নির্মাতা এবং বিশ্ববিখ্যাত কনসালটেন্সি ফার্ম ম্যাককিনসের একজন সাবেক কর্মকর্তাকে দলের মুখপাত্র হিসেবে নিয়োগ দিয়েছে সিজেপি। দলটির মুখপাত্র ও সাংবাদিক সৌরভ দাস ভারতের সংবাদপত্রের স্বাধীনতার নিম্নমুখী সূচক এবং মোদির একক সংবাদ সম্মেলন না করার বিষয়টিকে খোঁচা দিয়ে বলেন, “আপনারা দেখছেন যে এই দেশে গত কয়েক বছর ধরে তেমন কোনো প্রেস কনফারেন্স হয় না। তবে আমরা সাংবাদিকদের সব প্রশ্নের জবাব দেব। ব্যবস্থায় যে পচন ধরেছে, তার জবাবদিহিতা আমাদের নিশ্চিত করতেই হবে।”
অনলাইন থেকে রাজপথে নেমে আসা ‘তেলাপোকা জনতা পার্টি’র এই অভূতপূর্ব অহিংস আন্দোলন ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল, যা মোদী সরকারের সিংহাসনকে বড়সড় ঝাঁকুনি দিচ্ছে।
(তথ্যসূত্র: দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া ও সিএনএন)
