কটিয়াদীতে শতবর্ষী বৃদ্ধের জানাজায় ঢাকঢোল ও নাচ! আলেমদের হস্তক্ষেপে শেষ রক্ষা

0
কটিয়াদীতে শতবর্ষী বৃদ্ধের জানাজায় ঢাকঢোল ও নাচ! আলেমদের হস্তক্ষেপে শেষ রক্ষা

কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে এক প্রবীণ ব্যক্তির দাফন প্রক্রিয়াকে কেন্দ্র করে ঢাকঢোল বাজানো এবং নাচের এক অভূতপূর্ব ও ব্যতিক্রমী দৃশ্য ঘিরে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে ধর্মীয় রীতিনীতির পরিপন্থী এই আয়োজন নিয়ে স্থানীয়দের মাঝে অসন্তোষ দেখা দিলে তাৎক্ষণিকভাবে স্থানীয় ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিদের সময়োচিত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে পরিবার তাদের পূর্ব সিদ্ধান্ত থেকে সরে এসে স্বাভাবিক নিয়মেই জানাজা ও দাফন সম্পন্ন করে।

রোববার (৭ জুন) দুপুরে কটিয়াদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব কাহেতেরটেকী মহল্লায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পূর্ব কাহেতেরটেকী গ্রামের বাসিন্দা শতবর্ষী শামসুদ্দিন বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর পর তাঁর পরিবারের সদস্যরা দাফনের প্রস্তুতি নেওয়ার সময় আচমকা ঢাকঢোল বাজাতে শুরু করেন এবং কিছু মানুষকে সেখানে নাচতে দেখা যায়। মৃত্যুর শোকের বাড়িতে এমন উৎসবমুখর পরিবেশ দেখে প্রতিবেশীদের মাঝে চরম বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই সেই নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় ওঠে।

নিহত শামসুদ্দিনের দুই ছেলে খাইরুল ইসলাম ও নাজিমুদ্দিন জানান, তাদের বাবা নেত্রকোনার প্রয়াত পীর গাজী আকবর আলায়ী রিজভীর একনিষ্ঠ অনুসারী বা মুরিদ ছিলেন। মৃত্যুর আগে তিনি ওসিয়ত (শেষ ইচ্ছা) করে গিয়েছিলেন যে, তাঁর মৃত্যুর পর যেন কোনো কান্নাকাটি না করে আনন্দ-উৎসব এবং ঢাকঢোল বাজিয়ে তাঁকে বিদায় দেওয়া হয়। পিতার সেই শেষ ইচ্ছা পূরণ করতেই মূলত তারা এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছিলেন।

বিষয়টি জানতে পেরে স্থানীয় বিশিষ্ট আলেম মাওলানা তোফাজ্জল হক রাশেদী, মাওলানা মোবারক হোসাইন, সমাজসেবক মো. জহিরুল ইসলাম ও মো. সোহানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত ওই বাড়িতে ছুটে যান। তারা ইসলামের শরিয়ত, কোরআন ও হাদিসের আলোকে বুঝিয়ে বলেন যে—মুসলিম রীতিতে ওসিয়ত কেবল ইসলামের পরিধির ভেতরেই বৈধ, শরিয়ত পরিপন্থী কোনো ওসিয়ত পূরণ করা বাধ্যতামূলক নয়।

ইসলামিক স্কলারদের এই যৌক্তিক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার পর শোকসন্তপ্ত পরিবারের ভুল ভেঙে যায়। তারা ঢাকঢোলের বাদ্য বন্ধ করে স্বাভাবিক নিয়মে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন করতে সম্মত হন।

এ বিষয়ে জানতে চাইলে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, “ঘটনাটি আমরা লোকমুখে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ থানায় কোনো অভিযোগ বা তথ্য দেয়নি। তারপরও আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো অবনতি না ঘটে, সেজন্য তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্ত রয়েছে।”

স্থানীয় সচেতন মহল মনে করছেন, কোনো প্রকার হট্টগোল বা বলপ্রয়োগ না করে আলেমদের সুকৌশলী ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে যেভাবে একটি স্পর্শকাতর সমস্যার সমাধান করা হয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।