কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা এলাকার আশাননগরের খালে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে নির্মিত কালভার্টের মুখে দেওয়া অবৈধ বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৮ জুন) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গড়ভাঙ্গা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত আশাননগরের খালটি চাতরা ও সাড়াতলা বিলের মৎস্যঘের এলাকার গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশন পথ। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী কামরুল বিশ্বাস দীর্ঘদিন ধরে খালের কালভার্টের মুখে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে আসছিলেন। ফলে খালের স্বাভাবিক পানি চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকায় কৃষিকাজ, মৎস্যচাষ এবং দৈনন্দিন ব্যবহারযোগ্য পানির সংকট দেখা দেয়।
এলাকাবাসীর অভিযোগ, পানি প্রবাহ বন্ধ থাকায় কেরামত গাজীর প্রায় ৩২৬ বিঘা আয়তনের মৎস্যঘেরে পানির ঘাটতি দেখা দেয় এবং সেখানে রক্ষিত চারা মাছ মারাত্মক ক্ষতির মুখে পড়ে। একই সঙ্গে কৃষকরা সেচ সংকটের কারণে চাষাবাদে দুর্ভোগে পড়েন। বিষয়টি নিয়ে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করলে প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করে।
অভিযান চলাকালে অবৈধ বাঁধ অপসারণের ফলে খালের পানি প্রবাহ স্বাভাবিক হয় এবং দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার আশা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, খালটি উন্মুক্ত হওয়ায় কৃষিকাজ, মৎস্যচাষ এবং গৃহস্থালি কাজে প্রয়োজনীয় পানির সংকট অনেকাংশে দূর হবে। উচ্ছেদ অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, কেশবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লক্ষণসহ পুলিশ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তবে অবৈধভাবে বাঁধ নির্মাণের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো জরিমানা বা আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তাদের দাবি, সরকারি খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে খালটির ওপর অবৈধ বাঁধ দিয়ে পানি প্রবাহ ব্যাহত করা হচ্ছিল। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসার পর তাঁর নির্দেশনায় অভিযান পরিচালনা করে বাঁধটি অপসারণ করা হয়েছে। খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার ফলে এলাকার কৃষক, মৎস্যচাষি ও সাধারণ মানুষ উপকৃত হবেন।
তিনি আরও বলেন, সরকারি জলাশয় ও খাল দখল কিংবা পানি প্রবাহে বাধা সৃষ্টি করলে ভবিষ্যতেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

