কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতভিটা ছাই, নিঃস্ব পরিবার-গবাদি পশুসহ ব্যাপক ক্ষয়ক্ষতি

0
কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতভিটা ছাই, নিঃস্ব পরিবার-গবাদি পশুসহ ব্যাপক ক্ষয়ক্ষতি

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর চর আইরকান্দি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের স্বপ্ন, সঞ্চয় ও বসতভিটা মুহূর্তেই ছাই হয়ে গেছে। আগুনে বসতঘর, আসবাবপত্র, মূল্যবান সামগ্রী এবং গবাদি পশুসহ ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টার দিকে উপজেলার উত্তর চর আইরকান্দি এলাকার ৭ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা রেজাউল হাওলাদারের বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন দাউদাউ করে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতার কাছে তাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়।

চোখের সামনেই পুড়ে যায় ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ, প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবারের দৈনন্দিন ব্যবহারের সামগ্রী। আগুনে গবাদি পশুরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এতে পরিবারটি প্রায় সর্বস্ব হারিয়ে মানবেতর অবস্থার মধ্যে পড়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিনের কষ্টার্জিত সম্পদ ও সংসারের প্রয়োজনীয় সবকিছু আগুনে পুড়ে যাওয়ায় তারা এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

এদিকে, অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য এলাকাবাসী সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সরকারি-বেসরকারি সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, দ্রুত সহযোগিতা না পেলে ক্ষতিগ্রস্ত পরিবারটির পক্ষে স্বাভাবিক জীবনে ফিরে আসা কঠিন হয়ে পড়বে।