মাকে মারধর, মেলেনি জামিন: ভরণপোষণ না দেওয়ায় ‘ইউটিউবার’ ইমাম গেলেন জেলে!

0
মাকে মারধর, মেলেনি জামিন: ভরণপোষণ না দেওয়ায় ‘ইউটিউবার’ ইমাম গেলেন জেলে!

চাঁদপুর প্রতিনিধিঃ মসজিদের মিম্বারে দাঁড়িয়ে যিনি নিয়মিত ইসলামের বাণী প্রচার করেন, আর ক্যামেরার সামনে বানান সমাজ সচেতনতামূলক ইসলামিক ভিডিও; সেই ‘ইউটিউবার’ ইমামের বিরুদ্ধেই এবার উঠল জন্মদাত্রী মাকে মারধর ও ভরণপোষণ না দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ। চাঁদপুরের শাহরাস্তিতে মায়ের ওপর এমন নৃশংসতার দায়ে আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) নামের ওই ইমামকে জামিন না মঞ্জুর করে সরাসরি কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল সোমবার নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার (৯ জুন) জেলার একটি আদালত তাকে কারাদণ্ডে দণ্ডিত করার উদ্দেশ্যে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। গ্রেপ্তারকৃত আবু ইউছুফ শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত হাফেজ আহাম্মদ পাটোয়ারীর ছেলে। ভুক্তভোগী শেপালী বেগম তার আপন মা।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু ইউছুফ পাটোয়ারী পেশায় একজন মসজিদের ইমাম। এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামিক কনটেন্ট বা ভিডিও তৈরি করে বেশ পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে পর্দার বাইরের বাস্তব জীবন ছিল একেবারেই ভিন্ন। বৃদ্ধা মা শেপালী বেগমকে ভরণপোষণ না দিয়ে দীর্ঘদিন ধরে তার সাথে চরম অসদাচরণ ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন এই ইমাম।

অভিযোগের চূড়ান্ত রূপ নেয় গত ২ জুন। ওই দিন বেলা আনুমানিক দেড়টার দিকে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ মায়ের ওপর চড়াও হন ইউছুফ। মাকে বেদম মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখা হয়।

ভাইয়ের এমন অনৈতিক ও নিষ্ঠুর আচরণ সইতে না পেরে অবশেষে আইনের দ্বারস্থ হন ইউছুফের বোন রোকেয়া বেগম। তিনি বাদী হয়ে গত সোমবার (৮ জুন) শাহরাস্তি মডেল থানায় ভাই আবু ইউছুফের বিরুদ্ধে পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩-এর ৫ ধারায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পরই শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল কুদ্দুস সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল তৎপর হয়ে ওঠে এবং ওই দিন দুপুরেই নিজ বাড়ি থেকে ঘাতক ছেলেকে আটক করে। পরবর্তীতে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক আসামির জামিন আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, “পিতা-মাতার ভরণপোষণ আইনে দায়ের হওয়া এই মামলাটি বর্তমান সমাজের জন্য একটি অত্যন্ত বড় শিক্ষণীয় দৃষ্টান্ত। সন্তানের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো পিতা-মাতার দেখভাল করা, তা সে যে পেশারই হোক না কেন। আমরা লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুততম সময়ে আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। বৃদ্ধা মায়ের অধিকার রক্ষায় পুলিশ কোনো আপস করবে না।”