জয়নাল আবেদীনঃ যুবসমাজ মাদকাসক্ত হবে না এবং এলাকার কাউকেও মাদকের নীল দংশনে ক্ষয় হতে দেবে না—এমন বলিষ্ঠ অঙ্গীকার করায় এক অভিনব উপহার পেল রংপুরের একঝাঁক তরুণ। ‘মাদকমুক্ত সমাজ গড়ার’ এই ব্যতিক্রমী ও সামাজিক প্রতিশ্রুতির পুরস্কার হিসেবে এরশাদ নগর চিনিয়াপাড়ার যুবকদের একটি ৩২ ইঞ্চি অ্যান্ড্রয়েড টেলিভিশন উপহার দিয়েছে রংপুর সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড বিএনপি।
বুধবার (১০ জুন) রাতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এলাকার যুবকদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়, যাতে তারা আসন্ন ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চকর ম্যাচগুলো একসঙ্গে উপভোগ করতে পারেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এরশাদ নগর চিনিয়াপাড়ার যুবসমাজ সমবেতভাবে এলাকা থেকে মাদক নির্মূলের উদ্যোগ নেয়। তারা নিজেরা কখনো মাদক ছোঁবেন না এবং এলাকায় কোনো ধরনের মাদকের কারবার বা সেবন চলতে দেবেন না বলে দৃঢ় শপথ নেন। তরুণদের এমন ইতিবাচক ও সামাজিক জাগরণকে উৎসাহিত করতে এগিয়ে আসে স্থানীয় বিএনপি নেতৃত্ব।
২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলাম মমিনের সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় যুবকদের সুস্থ বিনোদনের মাধ্যম হিসেবে এই টেলিভিশনটি হস্তান্তরের ব্যবস্থা করা হয়।
উপহার বিতরণকালে বিএনপি নেতৃবৃন্দ বলেন, যুবসমাজকে মাদক, জুয়া ও অপরাধের অন্ধকার জগত থেকে দূরে রাখতে সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই। বিশ্বকাপ ফুটবলের মতো বৈশ্বিক উৎসব তরুণদের মাঝে ঐক্য ও সুস্থ ক্রীড়ামোদি মানসিকতা তৈরি করবে। যুবকদের এই মাদকমুক্ত সমাজ গড়ার আন্দোলন পুরো রংপুর নগরীর জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
টিভি বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছার রহমান, সিনিয়র সহ-সভাপতি ফরহাদ হোসেন, সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সহ-সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম মিয়া, প্রচার সম্পাদক কচিমউদ্দিন, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম এবং কার্যকরী কমিটির সদস্য ফজলুল হক, শ্রী সন্তোস রায়, সামাদ, সালাম ও নুরুল হুদা প্রমুখ।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই টেলিভিশনের মাধ্যমে যুবকেরা অবসরে সুস্থ আড্ডায় মেতে উঠবেন এবং তাদের মাদকমুক্ত সমাজ গড়ার আন্দোলন আরও বেগবান হবে।

