ঠাকুরগাঁওয়ে শিল্পায়নে আসছে চীনা দল, স্বাবলম্বী হওয়ার ডাক ফখরুলের

0
ঠাকুরগাঁওয়ে শিল্পায়নে আসছে চীনা দল, স্বাবলম্বী হওয়ার ডাক ফখরুলের

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে নিজস্ব শক্তির ওপর ভরসা রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, দেশের শিল্পায়নকে এগিয়ে নিতে আগামী দু-এক মাসের মধ্যেই চীন থেকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশে আসছে।

আজ শুক্রবার (১২ জুন) দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

উন্নয়নের জন্য আত্মনির্ভরশীলতার ওপর জোর দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “কোনো জাতি কখনো এমনি এমনি উন্নত হতে পারে না। আজকে চীন যে পরাশক্তি হয়েছে, তা তাদের নিজেদের কঠোর পরিশ্রমে হয়েছে। তারা সন্তানদের সুশিক্ষিত করেছে এবং কাজের পরিধি বাড়িয়েছে। আমাদেরও সব সময় মনে রাখতে হবে, নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে; তাহলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব।”

নতুন প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে মহাসচিব বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের নিয়ে ব্যাপক পরিকল্পনা করছেন। তিনি শিশুদের আরও বেশি লেখাপড়া শিখিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে চান। এ জন্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু বিশেষ উদ্যোগও হাতে নেওয়া হয়েছে।”

এ সময় শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “স্কুলের বাচ্চাদের আপনারা এমনভাবে তৈরি করুন, যেন তারা ভবিষ্যতে দেশের সম্পদ হতে পারে এবং দেশের কল্যাণে কাজ করতে পারে।”

অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের টেকসই উন্নয়নে একসঙ্গে কাজ করার আশ্বাস দেন। ঠাকুরগাঁও অঞ্চলের শিল্পায়নের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সুনির্দিষ্ট ঘোষণা দিয়ে তিনি বলেন, “আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, চলতি বছরের জুলাই বা আগস্ট মাসের মধ্যেই চীনের একটি শক্তিশালী প্রতিনিধিদল এই অঞ্চল পরিদর্শনে আসবে।”

অনুষ্ঠানের শেষাংশে আমন্ত্রিত অতিথিরা ঠাকুরগাঁও পৌর এলাকার ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৬ হাজার ৩০৮ জন শিক্ষার্থীর মাঝে উন্নতমানের শিক্ষা উপকরণ বিতরণ করেন। সরকারের এই উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উন্মুখতা ও আনন্দ দেখা গেছে।