শাশুড়ি-জামাইয়ের ‘অবৈধ মেলামেশা’ দেখে ফেলাই কাল! পটুয়াখালীতে গৃহবধূ স্বর্ণা হত্যার চাঞ্চল্যকর অভিযোগ

0
শাশুড়ি-জামাইয়ের ‘অবৈধ মেলামেশা’ দেখে ফেলাই কাল! পটুয়াখালীতে গৃহবধূ স্বর্ণা হত্যার চাঞ্চল্যকর অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি: শাশুড়ি ও ননদ-জামাইয়ের মধ্যকার গোপন ও অনৈতিক সম্পর্ক দেখে ফেলার মাশুল দিতে হলো স্বর্ণা আক্তার (২০) নামের এক গৃহবধূকে। পটুয়াখালীর সদর উপজেলায় শাশুড়ি মুনজুমা বেগম ও ননদ-জামাই সৌরভের অসামাজিক কার্যকলাপের নির্মম সাক্ষী হওয়ায় স্বর্ণাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ নিহতের স্বামী রাকিবকে গ্রেপ্তার করে কারাগারে পাঠালেও মূল অভিযুক্ত শাশুড়ি ও ননদ-জামাই বর্তমানে পলাতক রয়েছেন।

এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও জড়িতদের ফাঁসির দাবিতে গত শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের সি-কেওয়াবুনিয়া বাজারে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহতের পরিবার ও ক্ষুব্ধ এলাকাবাসীর অংশগ্রহণে মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শাশুড়ি মুনজুমার মেয়ে মারুফা প্রবাসে থাকার সুযোগে নিজের মায়ের সাথে অবৈধ সম্পর্কে জড়ায় জামাতা সৌরভ। আর এই অনৈতিক ঘটনা নিজের চোখে দেখে ফেলাই স্বর্ণার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়। স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেন স্বর্ণাকে অত্যন্ত নম্র ও ভদ্র মেয়ে হিসেবে উল্লেখ করে অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানান।

স্বর্ণার বাপের বাড়িতে এখন শুধুই কান্নার রোল। মেয়ের কবরের পাশে মাটিতে লুটিয়ে কাঁদছেন মা রিনা বেগম। তিনি কান্নাভেজা কণ্ঠে স্মৃতিচারণ করে বলেন, “কয়েকদিন আগে আমি স্বর্ণার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তখন স্বর্ণা আমার কোলে মাথা রেখে বলেছিল— ‘মা, এখানে আমার ভালো লাগে না। আমারে ১০ হাজার টাকা দাও, আমি তোমার জামাইরে নিয়ে ঢাকা চলে যাব। মা, বলতে লজ্জা লাগছে, তাও বলি— আমার শাশুড়ি আর ননদ-জামাইয়ের অবৈধ সম্পর্ক আমি দুই-তিন দিন নিজের চোখে দেখছি।’ স্বর্ণা যখন এই কথা বলছিল, তখন আড়াল থেকে শাশুড়ি মুনজুমা তা শুনে ফেলে এবং পরের দিনই আমাকে জোর করে বাড়ি পাঠিয়ে দেয়।”

মা রিনা বেগম আরও জানান, বাপের বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই খবর আসে স্বর্ণা নাকি গলায় ফাঁস দিয়েছে। অথচ প্রতিবেশীদের কেউ তাকে ঝুলন্ত অবস্থায় দেখেনি। শাশুড়ি ও ননদ-জামাই মিলেই তাকে হত্যা করেছে বলে মায়ের দাবি। অর্থকষ্টের মধ্যে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে মেয়েকে বিয়ে দেওয়া কাঠমিস্ত্রি বাবা কামাল হাওলাদারও আজ স্তব্ধ ও বিচারপ্রার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১০ জুন) উপজেলার পশুরীবুনিয়া এলাকার শ্বশুরবাড়ি থেকে মুমূর্ষু অবস্থায় স্বর্ণাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে স্বর্ণার স্বামী রাকিবকে আটক করলেও অভিযুক্ত শাশুড়ি মুনজুমা ও ননদ-জামাই সৌরভ গা-ঢাকা দেয়। এমনকি স্বর্ণার শ্বশুর খালেক মিরাও আগে থেকে ঢাকায় অবস্থান করছেন এবং ঘটনার পর থেকে পরিবারের সবার মোবাইল ফোন বন্ধ রয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে নিহতের স্বামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষেই হত্যার প্রকৃত রহস্য উদঘাটিত হবে এবং বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।