কূটনৈতিক প্রতিবেদকঃ আগাম কূটনৈতিক বার্তা দেওয়ার পরেও দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অপ্রত্যাশিত বিড়ম্বনা ও অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য, সম্প্রচার ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের রহস্যজনক ও অসম্মানজনক আচরণের প্রতিবাদে তিনি সফর বাতিল করে স্বদেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (১৫ জুন) ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সহযোগিতা বিষয়ক জোটের (আইওআরএ) গুরুত্বপূর্ণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে তার যোগ দেওয়ার কথা ছিল।
সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা গেছে, রবিবার (১৪ জুন) বিকেলে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকা থেকে দিল্লি পৌঁছান ডা. জাহেদ উর রহমান। সরকারি সফর হওয়ায় গত শুক্রবারই দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিক নোট ভারবালের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছিল।
বিমানবন্দরে নামার পর ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রায় আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। তাকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না— সে বিষয়ে দীর্ঘ সময় কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।
ভারতীয় গণমাধ্যমের দাবি, দেশটির একটি অভ্যন্তরীণ সিকিউরিটি ওয়াচলিস্টে (নিরাপত্তা নজরদারি তালিকা) নাম থাকার কারণে রুটিন স্ক্রিনিংয়ে ডা. জাহেদ উর রহমানকে সাময়িকভাবে আটকে রাখা হয়। জুলাই বিপ্লবের পর ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের কিছু কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারের ওপর যে বিধিনিষেধ দিয়েছিল, তার সূত্র ধরেই এই প্রশাসনিক জটিলতা তৈরি হয় বলে জানা গেছে।
দীর্ঘ সময় অপেক্ষার পর বিষয়টি ব্যক্তিগত স্তরে না রেখে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা ও আত্মসম্মানের প্রশ্ন হিসেবে বিবেচনা করেন ডা. জাহেদ উর রহমান। তিনি তাৎক্ষণিকভাবে নিজের পাসপোর্ট ফেরত চেয়ে সফর বাতিলের সিদ্ধান্ত নেন।
পরিস্থিতি বেগতিক দেখে এবং উচ্চ মহলের নির্দেশে পরবর্তীতে ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তারা নিজেদের ভুল বুঝতে পেরে ডা. জাহেদকে দিল্লিতে প্রবেশের জন্য বারবার অনুরোধ ও অনুনয়-বিনয় করেন। তবে দেশের মর্যাদার প্রশ্নে অনড় থেকে তিনি সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন এবং ভারতে প্রবেশ না করেই বিমানবন্দর ত্যাগ করেন।
দিল্লি থেকে সরাসরি ঢাকার ফ্লাইট না থাকায় রবিবার রাতেই তিনি তৃতীয় দেশ হিসেবে শ্রীলঙ্কার কলম্বোর একটি ফ্লাইট ধরেন। সোমবার ভোরের দিকে কলম্বো পৌঁছানোর পর সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আজ সোমবার দুপুরের মধ্যেই প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
কূটনৈতিক প্রটোকল ও আগাম তথ্য থাকার পরও বাংলাদেশের একজন উচ্চপর্যায়ের প্রতিনিধির সঙ্গে দিল্লি বিমানবন্দরের এই ‘প্রশাসনিক ভুল’ এবং অনভিপ্রেত আচরণ দুই দেশের বর্তমান কূটনৈতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

