রাণীনগর প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে নিয়ামুল বছির (৪৮) নামে এক হজ এজেন্সি প্রতিনিধির মরদেহ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। পরিবারের পক্ষ থেকে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে আত্রাইয়ের শিমুলিয়া রেলক্রসিং এলাকার কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিয়ামুল বছির রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা গ্রামের নজিবর রহমানের ছেলে। তিনি নওগাঁর একটি হজ এজেন্সির প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
নিহতের বড় ভাই আশরাফুল ইসলাম জানান, নিয়ামুল বছির নওগাঁ ও বাগমারা এলাকায় অফিস পরিচালনা করতেন এবং পরিবার নিয়ে নওগাঁ সদরের রজাকপুর এলাকায় বসবাস করতেন। মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে বাগমারা যান। পরে সন্ধ্যায় তিনি পরিবারের সঙ্গে ফোনে কথা বলে জানান, আত্রাই রেলস্টেশনে আছেন এবং এশার নামাজ শেষে নওগাঁ ফিরবেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পরিবারের দাবি, নিয়ামুল বছিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের অভিযোগ, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হতে পারে। তবে তার কাছে থাকা ব্যাগ, টাকা ও অন্যান্য জিনিসপত্র অক্ষত ছিল বলে তারা জানান। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।
সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

