নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে নিজ ভাড়া বাসা থেকে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষকের নাম মো. বিল্লাল হোসাইন (৫০)। তিনি শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কলেজগেট স্কুল সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে পুলিশের একটি দল একটি চিরকুট উদ্ধার করেছে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত বিল্লাল হোসাইন গাজীপুরের কাপাসিয়া উপজেলার গোসিংগা গ্রামের মৃত হাসান আলীর ছেলে। ২০১৬ সালে তিনি শিবপুরের এই ঐতিহ্যবাহী সরকারি বিদ্যালয়ে যোগদান করেছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল গড়িয়ে গেলেও দীর্ঘ সময় ধরে শিক্ষকের ঘরের দরজা-জানালা বন্ধ ছিল। প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। এতে স্থানীয়দের মনে সন্দেহের দানা বাঁধে। একপর্যায়ে কোনো উপায় না দেখে তারা বিষয়টি শিবপুর মডেল থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষকের নিথর দেহ দেখতে পাওয়া যায়।
মরদেহ উদ্ধারের পাশাপাশি তল্লাশি চালিয়ে কক্ষের পড়ার টেবিল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। তবে আত্মহত্যার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষক বিল্লাল হোসাইন ওই চিরকুটে কী লিখে গেছেন, তদন্তের স্বার্থে তা এখনো প্রকাশ করেনি আইনশৃঙ্খলা বাহিনী।
শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মামুন জানান “খবর পেয়ে আমরা স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কক্ষ থেকে একটি চিরকুট জব্দ করা হয়েছে।”
সহকর্মীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিবার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মোহাম্মদ আলমগীর গভীর শোক প্রকাশ করে বলেন, “আমাদের সহকারী প্রধান শিক্ষকের এভাবে চলে যাওয়া মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর। ঠিক কী কারণে তিনি এই পথ বেছে নিলেন তা এখনো স্পষ্ট নয়। তবে তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং এর ফলে কিছুটা মানসিক হতাশায়ও ছিলেন।”
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চিরকুটটি পর্যালোচনা করা হচ্ছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

