কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের ব্যবসায়ী শাহীন শেখ জমি বিক্রি করতে রাজি না হওয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা, পুলিশি হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন।
শনিবার (২৭ জুন) বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের শমশেরনগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে শাহীন শেখ জানান, ২০১০ সালে বৈধভাবে জমি কেনার পর থেকে তিনি সেখানে ব্যবসা পরিচালনা করে আসছেন। পরে পার্শ্ববর্তী মালিক শাহাজাদ আলীর কাছে জমি বিক্রি করতে অস্বীকৃতি জানালে শাহাজাদ আলী ও আনোয়ার হোসেন রিমন তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে হয়রানিমূলক মামলা করেন। এ পর্যন্ত পাঁচটি মামলার মধ্যে দুটি খারিজ, একটিতে তিনি বিজয়ী এবং দুটি বিচারাধীন রয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া নির্মাণকাজে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সম্প্রতি থানায় লিখিত অভিযোগও দিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন রিমন বলেন, জমির অতিরিক্ত অংশ দখলের অভিযোগে তারা আদালতে মামলা করেছেন। কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দীন জানান, লিখিত অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

