উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাতের বেলায় পংরৌহা গ্রামে বটগাছের বড় আকারের ডাল ভেঙ্গে পড়ে কালী মন্দির ঘর ও দোকানসহ বসতঘরের ক্ষয় ক্ষতি হয়েছে|
দোকানি ওসমান গণি এ ঘটনায় আঘাত পেয়ে আহত হয়েছেন| উল্লাপাড়া সদর ইউনিয়নের পংরৌহা গ্রামে গতকাল মঙ্গলবার দিন পেরিয়ে রাত আটটার দিকে আচমকা ডাল ভেঙ্গে বটগাছের নীচের পুরানো কালী মন্দির ঘর ও ওসমান গণির দোকানসহ বসতঘর ভেঙ্গে ক্ষয় ক্ষতি হয়ে গেছে| আজ বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে বড় আকারের ভেঙ্গে পড়া ডালটি সেভাবে রাখা আছে|
গ্রামবাসিদের কয়েকজন সুলতান প্রামাণিক , খোরশেদ আলম , বাঞ্চারাম সরকার বলেন প্রতিদিনের মতো গতকাল গ্রামের লোকজন ওসমান গণির দোকান সামনে বসে গল্প আড্ডায় মেতেছিলেন| এমন সময় ডালটি ভেঙ্গে পড়ে| গ্রামের বসতিরা জানান টিনের ছাউনির কালী মন্দিরটি অনেক পুরনো| এখানে গ্রামের হিন্দু সস্প্রদায়ের লোকজন পুজা অর্চনা করেন| কালী মন্দিরটি বটগাছের গোড়া ঘেষে নীচে ও পাশেই বসতবাড়ি ঘর রয়েছে|
উপজেলা বন কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামান বলেন ভেঙ্গে পড়া ডালটি সরানোর বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে কথা বলবেন|
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন বিষয়টি তিনি জেনে ডালটি সেখান থেকে সরানোসহ নিলাম ডাকের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহকারী কমিশনার ( ভূমি) অফিসে জানানো হয়েছে|

