জুলাই হামলা মামলার আসামি হয়েও রুয়েটে বহাল সাবেক ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম রোজ

0
জুলাই হামলা মামলার আসামি হয়েও রুয়েটে বহাল সাবেক ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম রোজ

মাসুদ রানা রাব্বানী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি রাইসুল ইসলাম রোজ জুলাই হামলা মামলার এজাহারভুক্ত আসামি হওয়া সত্ত্বেও নিজ পদে বহাল রয়েছেন|

সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে তার কর্মস্থলে পুনরায় যোগদানপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে| রাইসুল ইসলাম রোজ ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন| ওই সময় আবাসিক হলে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে তিনি আলোচনায় আসেন| পরে বিতর্কিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তিনি রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরে সেকশন অফিসার পদে যোগ দেন| বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের হামলার ঘটনায় রাজশাহীর বোয়ালিয়া থানায় দায়ের করা একটি ফৌজদারি মামলায় রাইসুল ইসলাম রোজ এজাহারভুক্ত আসামি| মামলায় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩০২ ও ৫০৬ ধারাসহ বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে| মামলার পর দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার পর সম্প্রতি রুয়েট রেজিস্ট্রার স্বাক্ষরিত ৫৫৭০ নম্বর স্মারকের বিজ্ঞপ্তিতে কর্তব্য-কর্মে যোগদান প্রসঙ্গে শিরোনামে তার যোগদানপত্র গ্রহণের বিষয়টি জানানো হয়|

এ বিষয়ে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহমেদ চৌধুরী বলেন, রাইসুল ইসলাম রোজের বিরুদ্ধে জুলাই হামলাসংক্রান্ত কোনো নথি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নেই| তিনি বলেন, কোনো মামলায় তিনি এজাহারভুক্ত আসামি কি না—এ বিষয়ে প্রশাসন অবগত নয়| অভিযোগ ও প্রয়োজনীয় প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে|

এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ২০২৩ সালের ৩১ আগস্টের অনুসন্ধান নথিতে তৎকালীন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা ও জনপ্রীতির মাধ্যমে নিয়োগ দেওয়া কর্মকর্তা-কর্মচারীদের তালিকায় রাইসুল ইসলাম রোজের নামও উল্লেখ রয়েছে|

জানা গেছে, একই জুলাই হামলা মামলার এজাহারভুক্ত আরও দুই ব্যক্তি, রফিকুল ইসলাম বিপু ও মুফতি মাহমুদ রনি, এখনো রুয়েটে কর্মরত রয়েছেন|