কলাপাড়া প্রতিনিধি: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।
এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় বাতাসের চাপ কিছুটা বেড়েছে। স্বাভাবিকের চেয়ে কিছুটা বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি। গত দুইদিন ধরে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে৷ বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও কক্সবাজার সহ দেশের ৯ অঞ্চলের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। দুপুর একটা পর্যন্ত এসব নদী বন্দর সমূহকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকতে দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমবায় সমিতির সাবেক সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, মাছধরা ট্রলারগুলো সমুদ্র কিনারে মাছ ধরতেছে।বাকি ট্রলারও কিনারে আসতেছে।

