উল্লাপাড়ায় নদী-খাল পুনঃখননে কৃষিতে আসছে বদল

0

উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই সময়ে একটি নদী ও আরেকটি খাল পুনঃখননে কৃষিতে বদল আসবে| কৃষি মাঠগুলো থেকে সহজেই পানি নিষ্কাশন হয়ে যাবে| আর জলাবদ্ধতা হবে না| জানা গেছে দুটি মিলে প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ নদী ও খাল পুনঃখনন করা হচ্ছে| এর পেছনে খরচের পরিমাণ প্রায় এক কোটি দশ লাখ টাকা বলে জানা গেছে | এর মধ্যে বাগলপুর খাল পুনঃখননে তিনটি ইউনিয়নের ছয় গ্রামের মৌজায় জুড়ে থাকা মানতলা বিলের জলাবদ্ধতার সমাধান হচ্ছে | এখানকার শত শত বিঘা কৃষি জমি আর এক ফসলি জমি থাকবে না| এলাকার কৃষকদের মাঝে খুশি ভাব দেখা দিয়েছে| বাগলপুর খাল পুনঃখনন একেবারে শেষের দিকে আর স্বরস্বতি নদী পুনঃখনন শেষ হয়েছে| এদিকে অবাধে ও সহজে মানতলা বিল পানি নিষ্কাশনে ছোটো কালভার্ট জায়গায় মাঝারি ধরণের একটি ব্রীজ নির্মাণের কথা কৃষকেরা বলেছেন|

উল্লাপাড়ার কয়ড়া, উল্লাপাড়া সদর ও দুর্গানগর ইউনিয়নের ছয়টি গ্রামের মৌজার শত শত বিঘা জমি বিশাল এলাকার মানতলা বিলে আছে| কয়ড়া ইউনিয়নের গ্রাম হলো বাগলপুর, চরপাড়া, দুর্গানগর ইউনিয়নের শ্যামপুর ও উল্লাপাড়া সদর ইউনিয়নের খালিয়াপাড়া, ভদ্রকোল, দরিপাড়া| এলাকাবাসিদের কাছ থেকে জানা গেছে এক কালে মানতলা বিলে জলাবদ্ধতা হতো না| বাগলপুর খাল দিয়ে পানি নিষ্কাশন হয়ে যেতো বলে জানানো হয়| সে খাল দিনে দিনে ভরাট হয়ে যাওয়া ও নানা জায়গায় নানা সমস্যায় মানতলা বিলের পানি নিষ্কাশন হতে না পারায় বছরের সাত থেকে আট মাস পুরো বিল এলাকায় পানি জমে থাকে| কৃষকেরা তাদের জমিতে বছরে এক ফসল বোরো ধান আবাদ করে আসছেন| বিলের অনেক জমি থেকে জমে থাকা পানি সেচে বের করে দিয়ে বোরো ধান আবাদ করা হয়ে আসছে|

উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ইজিপিপি প্রকল্পে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর ঘোষণায় খাল পুনঃখনন প্রকল্পের আওতায় মানতার বিল ও দখলে দূষণে ভরাটের পথে স্বরস্বতি নদী পুনঃখনন কাজের উদ্যোগ নেওয়া হয়| চলতি বছরের গত ১১ এপ্রিল সিরাজগঞ্জ – ৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ মাওলানা মো. রফিকুল ইসলাম খান মানতার বিলের পানি নিষ্কাশন ব্যবস্থায় বাগলপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন| একই সাথে স্বরস্বতি নদী পুনঃখনন কাজের উদ্বোধন ও শুরু করা হয়| মানতার বিল থেকে বাগলপুর খাল প্রায় দেড় কিলোমিটার খালের মধ্যে কয়ড়া বাজারের আলিম উদ্দীনের বাড়ীর মোড় অবধি খাল পুনঃখনন করা হয়েছে| খালের পাড়ে মাটি ফেলে সড়ক পথ করা হয়েছে| খালের দুপাড়ে সারি করে সুপারি গাছ লাগানো হয়েছে| আলিম উদ্দীনের বাড়ীর মোড় থেকে কচুয়া (বিলসূর্য) নদী অবধি প্রায় সাড়ে নয়শো ফুট ভুগর্ভে ছয় ফুট ব্যসের হিউম পাইপ বসানো হচ্ছে| গত ৩ জুলাই শুক্রবার সরেজমিনে কয়ড়া এলাকায় গিয়ে দেখা গেছে আলিম উদ্দীনের বাড়ীর মোড় এলাকায় ভুগর্ভে হিউম পাইপ বসানোর কাজ পুরোদমে চলছে| সরেজমিনে এলাকা ঘুরে দেখা ও জানা গেছে বাগলপুর

খাল পুনঃখনন কাজ একেবারে শেষের দিকে এখন| আর কয়েকটি হিউম পাইপ আলিম উদ্দীনের বাড়ীর মোড় এলাকায় ভুগর্ভে বসানো হলে বাগলপুর খাল পুনঃখনন কাজ মোটামুটি শেষ হবে বলে জানা গেছে| মানতলা বিল এলাকায় গিয়ে দেখা গেছে পুরো বিল এলাকায় কোনো ফসল নেই| কৃষকেরা তাদের আবাদের বোরো ধান ফসল অনেক আগেই কেটে নিয়েছে| বৃষ্টি বাদলের পানি বিলের অনেক জমিতে জমে আছে| বাগলপুর গ্রামের কৃষক মো. চাদ আলী বলেন অনেক আগে মানতলা বিলে বন্যার পানি সহজে ঢুকতো আবার বের হয়ে যেতো| বছরে একাধিক ফসলের আবাদ করা হতো| এখন বন্যার পানি ঢুকলেও আর বের হতে পারে না| আর বন্যার পানির পাশাপাশি মানতলা বিল ঘিরে ছয় গ্রামের মৌজার বৃষ্টি বাদলের পানি বিলের জমিতে জমে থাকে| বছরে এক ফসল বোরো ধানের আবাদ হয়| তার নিজের বিঘা দুয়েক আবাদী জমি আছে| বোরো ধান ফসলের আবাদ ছাড়া আর কোনো ফসলের আবাদ করা যায় না| বাগলপুর খাল পুনঃখননে তিনি খুবই খুশি যে মানতলা বিলে আর জলাবদ্ধতা হবে না| বছরে একাধিক ফসলের আবাদ করা যাবে| একই গ্রামের কৃষক জুলমত আলী প্রামাণিক বলেন বাগলপুর খাল পুনঃখননে এলাকার কৃষিতে বদল আসবে| একই জমিতে বছরে একাধিক ফসলের আবাদ করা যাবে| তার নিজের চার বিঘা জমি আছে| সে সব জমিতে একাধিক ফসলের আবাদ করতে পারবেন বলে জানান|

বাগলপুর গ্রামের নানা বয়সি কয়েকজন কৃষক বলেন মানতলা বিলে বছর সাতেক আগে এলজিএসপি প্রকল্পে ছোটো একটি কালভার্ট নির্মাণ করা আছে| আবার অনেকটা খাল আড়াআড়ি মাটির নতুন সড়ক নির্মাণ করা হয়েছে| কালভার্টটি আকারে ছোটো ও খালের গভীরতার চেয়ে উচুতে হওয়ায় সহজে পানি নিষ্কাশন হতে পারবে না বলে মনে করছেন | তাদের দাবী মানতলা বিলের পানি অতি সহজেই নিষ্কাশনে কালভার্ট জায়গায় মাঝারি আকারের একটি ব্রীজ নির্মাণ দরকার রয়েছে|

এদিকে একই ইজিপিপি প্রকল্পে হাটিকুমরুল ইউনিয়নের পাটধারী পূর্বপাড়া এলাকা থেকে ধোপাকান্দি অবধি প্রায় দুই কিলোমিটার দীর্ঘ স্বরস্বতি নদী পুনঃখনন করা হয়েছে| এলাকার কৃষি পেশায় জড়িত মো. আঃ লতিফ ও আবু ইউসুফ বলেন নদীটির এ অংশের পুনঃখননে নদীর তলদেশ এলাকা দূষণমুক্ত হয়েছে| কৃষকেরা ইচ্ছে করলে নদী পাড়ের জমিতে ফসলের আবাদে নদীর পানি সেচ দিতে পারবেন| পাটধারী এলাকার নানা পেশার কয়েকজন বলেন পুনঃখননের পর নদীর দুপাড়ে লাগানো সুপারি গাছের পাশাপাশি আরো বনজ ও ফলজ গাছ লাগানো হলে পরিবেশ ও বনায়নে আরো সফলতা আসবে|

উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুইয়া বলেন প্রধানমন্ত্রীর ঘোষণায় নদী-খাল পুনঃখননে ইজিপিপি প্রকল্পের আওতায় প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ বাগলপুর খাল পুনঃখনন মানতার বিল থেকে বাগলপুর পর্যন্ত খাল ও স্বরস্বতি নদী পুনঃখনন করা হয়েছে| বাগলপুর খাল পুনঃখনন কাজ একেবারে এখন শেষের দিকে| মানতলা বিলের জলাবদ্ধতা আর হবে না| বৃষ্টি – বাদলের কিংবা বন্যার হোক সহজেই তা বিল থেকে খাল হয়ে বের হয়ে যাবে| মানতলা বিলের পানি পুনঃখনন করা খাল হয়ে কচুয়া ( বিলসূর্য ) নদীতে নেমে যাবে| বাগলপুর খাল পুনঃখনন প্রকল্পে প্রায় সাড়ে নয়শো ফুট হিউম পাইপ বসানো হয়েছে| মানতলা বিলের জমিতে সামনের মৌসুম থেকে বছরে একাধিক ফসলের আবাদ করা যাবে| কৃষকেরা বোরো ধান , সরিষা , পাট ফসলের আবাদ করতে পারবেন| অপরদিকে হাটিকুমরুলে স্বরস্বতি নদী পুনঃখনন শেষ হয়েছে| নদীতে পানি হয়েছে| স্বরস্বতি নদীর পানি এলাকার কৃষকেরা জমিতে ফসলের আবাদে সেচ দিতে পারবেন| তাদের খরচ কিছুটা হলেও কম হবে| নদীতে দেশিয় সব ধরণের মাছের বংশ বাড়বে|