রাজশাহীতে বৃদ্ধা মায়ের আকুতি: ‘অসুস্থতার সুযোগে বড় ছেলে জমি লিখে নিয়েছে, আমি ফেরত চাই’

0
রাজশাহীতে বৃদ্ধা মায়ের আকুতি: ‘অসুস্থতার সুযোগে বড় ছেলে জমি লিখে নিয়েছে, আমি ফেরত চাই’

রাজশাহী ব্যুরো : জীবনের শেষ বয়সে এসে নিজের শেষ সম্বল ৩ কাঠা জমি ফিরে পেতে আকুতি জানিয়েছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর খুটিপাড়া এলাকার বৃদ্ধা শহর বানু। তার অভিযোগ, গুরুতর অসুস্থতার সুযোগ নিয়ে বড় ছেলে আলম জোরপূর্বক টিপসই নিয়ে তার নামের জমি নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন। এখন সেই জমি ফেরতের দাবি জানাতে গিয়ে তার মেয়েসহ পরিবারের অন্য সদস্যরা হামলা, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির শিকার হচ্ছেন।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নে (আরইউজে) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী শহর বানু। সংবাদ সম্মেলনে বৃদ্ধার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার পুত্রবধূ মুক্তি খাতুন।

সংবাদ সম্মেলনে শহর বানু বলেন, “আমি অসুস্থ থাকায় বড় ছেলে আলম জোর করে আমার টিপসই নেয়। পরে সেই টিপসই ব্যবহার করে আমার শেষ সম্বল ৩ কাঠা জমি নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছে। ওই জমিটুকুই আমার শেষ ভরসা ছিল, আমি আমার জমি ফেরত চাই।”

বৃদ্ধার মেয়ে সুফিয়া বেগম জানান, তাদের মা আগেই সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগ করে দিয়েছিলেন। কেবল ৩ কাঠা জমি তার নিজের নামে রেখেছিলেন। কিন্তু অসুস্থতার সুযোগ নিয়ে কৌশলে সেই জমিও আত্মসাৎ করা হয়েছে। এখন এই অন্যায়ের প্রতিবাদ করায় তাদের ওপর হামলা ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

লিখিত বক্তব্যে মুক্তি খাতুন জানান, জমি-সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার সুজন, নুসরাত জাহান বিউটি ও আলমের সঙ্গে তাদের বিরোধ চলছে। গত ১০ জুন তাদের বাড়িতে প্লাস্টারের কাজ চলার সময় প্রতিপক্ষরা অতর্কিত হামলা চালায়। হামলায় সুফিয়া বেগমের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন এবং তার মাথায় একাধিক সেলাই দিতে হয়। এ সময় মুক্তি খাতুনসহ পরিবারের অন্য সদস্যদেরও মারধর, শ্লীলতাহানির চেষ্টা এবং আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

তিনি আরও জানান, পুঠিয়া থানায় অভিযোগ করেও কার্যকর প্রতিকার না পেয়ে তারা আদালতের শরণাপন্ন হয়েছেন। বর্তমানে পুঠিয়া উপজেলা ভূমি অফিসে একটি মিসকেসও চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে অভিযুক্তদের অন্যতম, প্রেমতলী ডিগ্রি কলেজের শিক্ষিকা নুসরাত জাহান বিউটির বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নারী নির্যাতনের খবর টেনে বলা হয়, দেনমোহরের অর্থের লোভে তিনি ও তার চতুর্থ স্বামী মিলে তার নিজের মেয়ের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছেন, যার ফলে ওই মেয়ের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। সংবাদ সম্মেলন থেকে একজন শিক্ষকের বিরুদ্ধে ওঠা এমন গুরুতর অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আলমের ছেলে সুজন বলেন, “জমি নিয়ে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে তিনবার সালিশ হয়েছে। ওই জমির কোনো অস্তিত্ব হোল্ডিং রেকর্ডে নেই। সুফিয়া বেগম আমার আপন ফুফু, তারাই জোরপূর্বক জায়গাটি দখল করতে চাইছেন।” তবে সুফিয়া বেগমের ওপর হামলা ও নুসরাত জাহান বিউটির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল বলেন, “বিষয়টি আগে কেউ আমাকে জানায়নি। তবে দুই দিন আগে একটি অনুষ্ঠানে ওই পরিবারের সদস্যরা আমাকে জানিয়েছেন। বৃদ্ধা শহর বানু প্রয়োজনীয় পারিবারিক সহযোগিতা পাচ্ছেন না বলেও অভিযোগ পেয়েছি।”

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, “বিষয়টি পারিবারিক ও জমি-সংক্রান্ত বিরোধের সঙ্গে সংশ্লিষ্ট। থানায় কেউ আইনি সহযোগিতা চাইলে সবসময় ব্যবস্থা নেওয়া হয়। এই অভিযোগটিও তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”