পবিত্র মুহাররমের শিক্ষা ছড়িয়ে দিতে শ্রীমঙ্গলে আলোচনা সভা

0
পবিত্র মুহাররমের শিক্ষা ছড়িয়ে দিতে শ্রীমঙ্গলে আলোচনা সভা

মৌলভীবাজার প্রতিনিধি: পবিত্র মুহাররম মাসের তাৎপর্য, কারবালার ঐতিহাসিক শিক্ষা এবং মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণ কামনায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম মারকাজুল হুদা শাসন, ভূনবীর-এর উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই ২০২৬) সকাল ১১টায় মাদ্রাসা ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি মো. সিরাজুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা জুনাইদ আহমদ জুনেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড সদস্য (মেম্বার) মো. ছালেক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিভৃতচারী বুযুর্গ মাওলানা মো. তোরাব আলী, সরকার বাজার জামে মসজিদের ইমাম ও খতিব বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা খালিদ সাইফুল্লাহ, পাত্রিকুল জামে মসজিদের ইমাম ও খতিব জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা শেখ সাদী মাধবপুরী, মুখলিস দাঈ মো. আহমদ আলী, আব্দুল মজিদ ও মাহমুদ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা তাফাজ্জুল হক কমলগঞ্জী, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা উমায়ের আহমদ, মৌলভী জাকির হোসেন, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।

অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার শিক্ষার্থী মো. নাজমুল হক পবিত্র কুরআন তিলাওয়াত করেন। এরপর নাতে রাসুল (সা.) পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে সঞ্চালকের পরিচিতি বক্তব্যের মাধ্যমে অতিথিদের পরিচয় তুলে ধরা হয় এবং ধারাবাহিকভাবে আলোচকরা তাঁদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মুহাররম অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতময় একটি মাস। এই মাসের অন্যতম ঐতিহাসিক ঘটনা হলো কারবালার মর্মস্পর্শী ঘটনা, যা সত্য, ন্যায়, ত্যাগ, ধৈর্য ও ঈমানের এক অবিস্মরণীয় দৃষ্টান্ত। হজরত ইমাম হুসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগ মুসলিম উম্মাহকে যুগে যুগে অন্যায়, জুলুম ও অসত্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণের শিক্ষা দিয়ে আসছে।

আলোচকরা আরও বলেন, কারবালার শিক্ষা কেবল একটি ঐতিহাসিক স্মৃতি নয়; বরং প্রতিটি মুসলমানের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে সত্য প্রতিষ্ঠা, ন্যায়বিচার, সততা, ধৈর্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিরলস প্রচেষ্টার অনুপ্রেরণা। তাঁরা পবিত্র মুহাররম মাসের যথাযথ মর্যাদা রক্ষা, বেশি বেশি নফল ইবাদত, তওবা-ইস্তিগফার এবং মানবকল্যাণমূলক কাজে আত্মনিয়োগের আহ্বান জানান।

বক্তারা উপস্থিত মুসল্লি, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে বলেন, বর্তমান সমাজে ইসলামের প্রকৃত আদর্শ অনুসরণ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আলেম-ওলামা, শিক্ষক, অভিভাবক এবং তরুণ প্রজন্মকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা এবং ইসলামী শিক্ষার প্রসারে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, কল্যাণ ও বিশ্বমানবতার মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মহান আল্লাহ তাআলার দরবারে দ্বীনের খেদমত, দেশের স্থিতিশীলতা, সকল প্রকার বিপদ-আপদ থেকে হেফাজত এবং সকল মুসলমানের ঈমান, আমল ও তাকওয়া বৃদ্ধির জন্য দোয়া করা হয়।

দোয়া শেষে উপস্থিত অতিথি, আলেম-ওলামা, শিক্ষার্থী ও মুসল্লিদের মাঝে শিরনি (তবারক) বিতরণ করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আয়োজকরা মহান আল্লাহ তাআলার দরবারে এ আয়োজন কবুল হওয়া, প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি এবং সকলের জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করেন।