নওগাঁর রানীনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

0
নওগাঁর রানীনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

রাণীনগর প্রতিনিধিঃ নওগাঁর রানীনগর উপজেলায় মাঠ থেকে পাওয়ার ট্রিলার নিয়ে আসার সময় বজ্রপাতে সাখাওয়াত হোসেন (৫৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবার সাথে থাকা ছেলেও চোখে তীব্র আঘাত পেয়ে আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই, ২০২৬) সকালে উপজেলার মালশন ওমরপুর মৌজার মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাখাওয়াত হোসেন উপজেলার মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে এলাকা জুড়ে বৃষ্টি হচ্ছিল। মাঠে থাকা নিজেদের পাওয়ার ট্রিলারটি বাড়িতে নিয়ে আসার জন্য বাবা ও ছেলে একসঙ্গে মালশন ওমরপুর মৌজার মাঠে যান। পাওয়ার ট্রিলারটি নিতে যাওয়ার পরপরই হঠাৎ তাঁদের ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই সাখাওয়াত হোসেন আহত হয়ে পড়েন এবং তাঁর পাশে থাকা ছেলের চোখে বজ্রপাতের আলোর ধাক্কা লাগে। পরবর্তীতে পরিবারের লোকজনকে তার ছেলে জানালে তারা সাখাওয়াত হোসেনকে উদ্ধার করে দ্রুত রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন সকালে মাঠে পাওয়ার ট্রিলার আনতে গিয়ে বজ্রপাতে সাখাওয়াত হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়। এঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।