ভুরভুরিয়া চা বাগানে অজগরের দেখা, দ্রুত উদ্ধার বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের

0
ভুরভুরিয়া চা বাগানে অজগরের দেখা, দ্রুত উদ্ধার বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতা সংগ্রহের সময় একটি অজগর সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন চা শ্রমিকরা। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সাপটি নিরাপদে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে শ্রীমঙ্গলের বিটিআরআই সংলগ্ন ভুরভুরিয়া চা বাগানের সেক্টর-৯ এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, চা শ্রমিকরা চা পাতা সংগ্রহের সময় হঠাৎ একটি বড় সাপ দেখতে পান। এতে তারা আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান। পরে বিষয়টি চা বাগানের ম্যানেজার সিদ্দিকুর রহমানকে জানানো হলে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি শনাক্ত করেন। পরে তারা অক্ষত অবস্থায় অজগর সাপটি উদ্ধার করেন।

উদ্ধারের পর অজগর সাপটি প্রয়োজনীয় সংরক্ষণ ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতার অংশ হিসেবে সাপটিকে কোনো ধরনের ক্ষতি না করে দ্রুত উদ্ধার ও বন বিভাগের কাছে হস্তান্তর করায় স্থানীয়দের মধ্যে প্রশংসা দেখা গেছে।