পুলিশের দাবি—হাজতে নিজেই মাথা ঠুকেছেন আসামি; স্বজনদের পাল্টা অভিযোগ ‘নির্যাতনের’
বরিশাল ব্যুরোঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় চুরি ও মাদক মামলার এক আসামির গ্রেপ্তার এবং পরবর্তীতে তার ‘মৃত্যুর গুজব’ ছড়িয়ে পড়ার পর থানা চত্বরে ভয়াবহ হামলা, ভাঙচুর ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। উত্তেজিত জনতার এই আকস্মিক হামলায় পুলিশের ৬ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে আগৈলঝাড়া থানা অভ্যন্তরে এ তাণ্ডবের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে একাধিক মামলার তালিকাভুক্ত আসামি রিয়াজ ফকিরকে একটি চুরির মামলায় গ্রেপ্তার করে পুলিশ।
থানা পুলিশের দাবি, হাজতকক্ষে রাখার পর আসামি রিয়াজ নিজেই নিজের মাথায় আঘাত করে গুরুতর জখম ও অসুস্থ হয়ে পড়েন। পরে রাত ১১টার দিকে তাকে দ্রুত আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে গভীর রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্থানান্তর করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই রিয়াজ ফকির শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন—এমন একটি গুজব এলাকায় বিদ্যুৎবেগে ছড়িয়ে পড়ে। এতে আসামির স্বজন ও এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন।
বিকেলে শতাধিক মানুষের একটি বিক্ষোভ মিছিল আগৈলঝাড়া থানায় সশরীরে চড়াও হয়ে আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা থানার আসবাবপত্র ও কক্ষ ভাঙচুর করে। এ সময় ডিউটি অফিসার এএসআই আব্দুল হালিমকে বেধড়ক মারধর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ লাঠিচার্জ শুরু করলে পুরো থানা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
উভয় পক্ষের সংঘর্ষে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে এএসআই আব্দুল হালিম (গুরুতর), কনস্টেবল লিমন মিয়া, ফরহাদ হোসেন, মনির হোসেন, আল আমিন হোসেন ও মেহেদী হাসান। এএসআই হালিম বরিশাল শেবাচিম হাসপাতালে এবং বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসাধীন।
আহত হয়েছে আসামির মা নাছরিন বেগম (৫০), বোন শারমিন আক্তার (২৮), মমতাজ বেগম (৪৭)সহ আরও ৩ জন। কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আসামি রিয়াজ ফকিরের বাবা সিদ্দিক ফকির ও মা নাছরিন বেগম পুলিশের দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করে পাল্টা অভিযোগ তুলেছেন। তাদের দাবি, “রিয়াজকে বিনা অপরাধে আটক করে থানায় এনে পুলিশ নির্মমভাবে নির্যাতন ও মারধর করেছে। যার কারণে সে হাসপাতালে মৃত্যুর মুখোমুখি।” তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, রিয়াজ শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদ খান বলেন “চুরির মামলায় রিয়াজ ফকিরকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়। হাজতে থাকাকালে সে নিজেই দেয়ালে মাথা ঠুকে আত্মহত্যার চেষ্টা ও নিজেকে জখম করে। একে পুঁজি করে একটি মহল পরিকল্পিতভাবে শতাধিক মানুষ নিয়ে থানায় হামলা চালিয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়া ও সরকারি কর্তব্যে বাধা দেওয়ায় হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।”
বর্তমানে থানা ও আশেপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

