আহম্মদ কবির :ভারতের মেঘালয় পাহাড়ে টানা ভারী বৃষ্টিপাতের ফলে নেমে আসা উজানের ঢল এবং স্থানীয় বৃষ্টিতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর এলাকায় পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।এতে হাওরের বিস্তীর্ণ এলাকা পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। প্রবল বাতাসে উত্তাল হাওরে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হওয়ায় স্বস্তিহীন হয়ে পড়েছে হাওরপাড়ের জনজীবন। নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে জেলেরা পর্যন্ত উদ্বেগের মধ্যে দিন পার করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জয়পুর,গোলাবাড়ি,ছিলানী তাহিরপুর, শ্রীয়ারগাঁও,মুজরাই, মন্দিয়াতা,কামালপুর, মইয়াজুরী,তরং শিবরামপুর,ইন্দ্রপুরসহ হাওরপাড়ের প্রায় প্রতিটি গ্রাম এখন পানিতে কানায় কানায় পূর্ণ। উজানের ঢল অব্যাহত থাকায় প্রতিদিনই বাড়ছে পানির উচ্চতা। প্রবল বাতাসে সৃষ্ট উত্তাল ঢেউ বসতভিটার পাড়ে আছড়ে পড়ছে। ফলে হাওরপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
টাঙ্গুয়ার হাওরপাড়ের জয়পুর গ্রামের প্রবীণ মুরব্বি কপিলনুর মিয়া বলেন,যেভাবে উজানের ঢল নেমে পানি বাড়ছে, তাতে আমরা চরম উদ্বেগের মধ্যে আছি। হাওরে এখন বড় বড় ঢেউ উঠছে।ঢেউয়ের ভয়ে নৌকা নিয়ে প্রয়োজন ছাড়া বের হতে পারছি না। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের ভাষ্য,দিনের তুলনায় রাতের বেলায় ঢেউয়ের তীব্রতা আরও বেড়ে যায়।এতে জেলেরা মাছ ধরতে যেতে পারছেন না। প্রয়োজনীয় কাজে নৌপথে চলাচল করতেও ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। পানি আরও বৃদ্ধি পেলে নিম্নাঞ্চলের বসতবাড়ি প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন হাওরপাড়ের বাসিন্দারা।এদিকে চলমান পরিস্থিতিতে সুনামগঞ্জ জেলা প্রশাসন বন্যা পরিস্থিতিতে পর্যটক পরিবহনের বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে। জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,প্রতিকূল আবহাওয়া,ভারী বৃষ্টিপাত, দমকা হাওয়া কিংবা নদী-হাওরে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিরাজ করলে কোনো অবস্থাতেই পর্যটক নিয়ে নৌযাত্রা করা যাবে না। প্রতিটি হাউজবোটে ধারণক্ষমতা অনুযায়ী পর্যাপ্ত মানসম্মত লাইফ জ্যাকেট, লাইফবয়া (লাইফ রিং) এবং অন্যান্য জরুরি নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত করতে হবে। অতিরিক্ত যাত্রী বহন সম্পূর্ণভাবে পরিহার করতে হবে এবং আবহাওয়া অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের সতর্কবার্তা নিয়মিত অনুসরণ করতে হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যাত্রা শুরুর আগে পর্যটকদের নিরাপত্তাবিষয়ক প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে। পাশাপাশি জেলা প্রশাসন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।পরিস্থিতির আরও অবনতি হলে বা স্থানীয় প্রশাসন প্রয়োজন মনে করলে হাউজবোট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলে তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
এদিকে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন আগাম প্রস্তুতি গ্রহণ করেছে।সুনামগঞ্জের জেলা প্রশাসক মিনহাজুর রহমান জানিয়েছেন, জেলার বিভিন্ন উপজেলায় মোট ১ হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুত,উদ্ধার কার্যক্রমের প্রস্তুতি এবং উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে সার্বক্ষণিক সতর্ক অবস্থায় থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
হাওরপাড়ের বাসিন্দাদের আশঙ্কা,উজানের ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তাই সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি, দ্রুত সহায়তা এবং আগাম কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে বৈরী আবহাওয়ায় অপ্রয়োজনীয় নৌযাত্রা থেকে বিরত থেকে সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

