কেশবপুর শহরে যত্রতত্র ময়লার স্তুপ: দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

0
কেশবপুর শহরে যত্রতত্র ময়লার স্তুপ: দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

কেশবপুর প্রতিনিধি: কেশবপুর পৌর শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পরিকল্পিতভাবে বর্জ্য অপসারণ না হওয়ায় যত্রতত্র ময়লার স্তুপ জমে পরিবেশ দূষণের আশঙ্কা বাড়ছে।

বাঘের মোড়ের পাশে এবং পোস্ট অফিস সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলে রাখার কারণে সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ। বিশেষ করে টানা বর্ষণে এসব বর্জ্য পচে গলে চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে পথচারী, ব্যবসায়ী ও আশপাশের বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়ছেন। পাশাপাশি ডেঙ্গু, ডায়রিয়া, টাইফয়েডসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। সরেজমিনে দেখা যায়, শহরের ব্যস্ততম সড়কের পাশেই খোলা জায়গায় প্লাস্টিক, পলিথিন, কাগজ, খাবারের উচ্ছিষ্ট ও বিভিন্ন ধরনের গৃহস্থালি বর্জ্য দিনের পর দিন জমে রয়েছে। কোথাও কোথাও নির্ধারিত ডাস্টবিন উপচে পড়ে ময়লা সড়কে ছড়িয়ে পড়ছে। আবার অনেক স্থানে কোনো ডাস্টবিনই নেই। ফলে যে যেখানে সুযোগ পাচ্ছেন, সেখানেই ময়লা ফেলছেন। বৃষ্টির পানিতে এসব আবর্জনা পচে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থাও বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিয়মিত ও পরিকল্পিতভাবে বর্জ্য সংগ্রহ না করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শহরকে পরিচ্ছন্ন রাখতে পৌর কর্তৃপক্ষের আরও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি বলে তারা মনে করেন।

কেশবপুরের মিডিয়া কর্মী ও ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর মোঃ রাসেল বলেন, ‘পৌরসভার পক্ষ থেকে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে বর্জ্য সংগ্রহ করা হয়। তবে অনেকেই নির্ধারিত সময়ের বাইরে এবং নির্ধারিত স্থানের পরিবর্তে যেখানে-সেখানে ময়লা ফেলেন। এতে পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত হয়। তারপরও দ্রুত এসব স্থানের ময়লা অপসারণ এবং নিয়মিত তদারকির ব্যবস্থা নেওয়া হবে। গনমাধ্যম ও মানবাধিকার কর্মী শামীম আক্তার মুকুল বলেন, ‘কেশবপুর শহরের প্রধান সড়কের পাশে দিনের পর দিন ময়লার স্তুপ পড়ে থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু পরিবেশের সৌন্দর্য নষ্ট করছে না, জন স্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। পৌর কর্তৃপক্ষের উচিত দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে শহরকে পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বাড়ানো।

স্থানীয় সচেতন মহলের মতে, একটি পরিচ্ছন্ন শহর কেবল পৌর কর্তৃপক্ষের একার দায়িত্ব নয় নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, নিয়মিত বর্জ্য অপসারণ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংখ্যক ডাস্টবিন স্থাপন করা হলে এ সমস্যা অনেকাংশে কমে আসবে। এ বিষয়ে কেশবপুর পৌরসভার প্রশাসনিক দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তার বক্তব্য জানার জন্য একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। কেশবপুরবাসীর প্রত্যাশা, জন স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে পৌর কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলো থেকে দ্রুত ময়লা অপসারণ, নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হলে কেশবপুর শহর আবারও পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ ফিরে পাবে অনেকে মনে করেন।