উল্লাপাড়ায় ব্রীজের মুখ ভরাটে বাধা পানি নিষ্কাশনে

0

উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এলজিইডির ধামাইলকান্দি সড়কে চরবেড়ায় ব্রীজের মুখ মাটি ভরাটে পানি নিষ্কাশন হওয়া বন্ধে আবাদি মাঠে ফসলের জমিতে জলাবদ্ধতার আশংকা করা হয়েছে । এরইমধ্যে বৃষ্টি বাদলের পানিতে জলাবদ্ধ অবস্থা দেখা দিয়েছে। এবিষয়ে সলঙ্গা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান বরাবরে একটি লিখিত আবেদন জানানো হয়েছে।

উপজেলার ধামাইলকান্দি পাকা সড়কের চরবেড়া বটতলায় আবাদি মাঠের পানি নিষ্কাশনে ব্রীজ নির্মাণ করা আছে। ব্রীজের পুর্বদিকের আবাদি মাঠের বৃষ্টি বাদলের পানি এতোদিন ব্রীজটির নীচ দিয়ে বের হয়ে গেছে। এতে আবাদি মাঠে কোনো জলাবদ্ধতা হয়নি। চরবেড়া গ্রামের মোহাম্মদ আলী গত মাস দেড়েক আগে বটতলা ব্রীজের মুখে তার নিজ জমিতে মাটি ফেলে ভরাট করেছেন। এতে আবাদি মাঠের পানি নিষ্কাশন পথ বন্ধ হয়ে গেছে। প্রতিবেদককে মোহাম্মদ আলী বলেন নিজ দরকারে নিজ জমিতে মাটি ফেলে ভরাট করেছেন। তিনি বসতবাড়ি করবেন বলে ভরাট করেছেন। এলাকার জমি মালিকদের কয়েকজনকে বলেছিলেন তিনি নিজ দরকারে মাটি ফেলে ভরাট করবেন। পানি নিষ্কাশনে জমি মালিকদেরকে নীচে পাইপ বসানোর কথা বলেছিলেন বলে জানান। জমি মালিকদের কেউ পাইপ বসানোর উদ্যোগ নেননি। চরবেড়া গ্রামের নয়ন বলেন ব্রীজটির মুখ ভরাটে পূর্বদিকের বিঘা পচিশেক জমিতে জলাবদ্ধতার আশংকা রয়েছে। এর মধ্যে তার নিজের প্রায় ৪০ শতক জমি আছে। এরমধ্যেই বৃষ্টি বাদলের পানি বের হতে না পেরে জমিতে জমে আছে। আরেক কৃষক আঃ ছামাদ বলেন ব্রীজমূখি জমিগুলো ঢালু হওয়ায় সহজে পানি ব্রীজের নীচ দিয়ে বের হয়ে যেতো। এখন ব্রীজের মুখ ভরাটে জলাবদ্ধতার আশংকা করছেন।

সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মণ্টু বরাবরে চরবেড়া গ্রামের দশজন কৃষক চরবেড়া বটতলায় ব্রীজের মুখ মাটি ফেলে ভরাটের বিষয় লিখিতভাবে জানিয়েছেন। কৃষকদের কয়েকজন হলেন তোফাজ্জল হোসেন , মাসুদ রানা , রুবেল , আসমত। কৃষকেরা আবাদি মাঠ থেকে পানি নিষ্কাশনে উদ্যোগ নেওয়ার বিষয় জানিয়েছেন।

সলঙ্গা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মণ্টু বলেন তিনি লিখিত আবেদন পেয়ে এলাকায় সরেজমিনে গিয়ে দেখেছেন। তিনি বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) এর সাথে কথা বলবেন বলে জানান।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন সেখানে পানি নিষ্কাশন ব্যবস্থা চালু করতে সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে।