কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় শহিদুল মুন্সী (৪৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৪ বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ওই শিশুর নানি বাদী হয়ে দুই জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষন চেষ্টার সহায়তাকারী আলা মৃধা (৪৫) কে গ্রেফতার করেছে। গতকাল বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ওই শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, ওই শিশুর মা জীবিকার সুবাদে ঢাকায় গার্মেন্টেসে চাকুরি করে এবং শিশুটি উপজেলার লালুয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামের তার নানির বাড়িতে থাকে। গতকাল বুধবার দুপুরে সে ঘরের বাহিরে খেলা করতে বের হলে আলা মৃধা তাকে ডেকে প্রতিবেশী শহিদুলের বাড়িতে নেয়। ঘরে কেউ না থাকার সুবাদে শহিদুল তাকে ধর্ষনের চেষ্টা করে এবং আলা মৃধা বাহির থেকে পাহারা দেয়। এসময় শিশুটি ডাকচিৎকার দিলে স্থানীয়রা ওই ঘরে প্রবেশ করে তাকে উদ্ধার করে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শালিস ব্যবস্থায় মিমাংসার চেষ্টা করা হয় এবং আলা মৃধা শহিদুলকে পালিয়ে যেতে সহায়তা করে।
কলাপাড়া থানার ওসি মো নজরুল ইসলাম বলেন, ধর্ষন চেষ্টার সহায়াকারীকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

