ফুলবাড়ী প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি আর উৎসবের আমেজে দিনাজপুরের ফুলবাড়ীতে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে দুপুর ২টায় শ্রীশ্রী কেন্দ্রীয় শিব মন্দির প্রাঙ্গণ থেকে খোল, করতাল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে রথযাত্রা শুরু হয়। ভক্তরা ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত পরিবেশে রথ টেনে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে রথটি ফুলবাড়ী কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দির প্রাঙ্গণে স্থাপন করা হয়।
বৈরী আবহাওয়াকেও উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকা ও আশপাশের অঞ্চল থেকে আগত সহ¯্রাধিক ভক্তপ্রাণ নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রথযাত্রা প্রাণবন্ত হয়ে ওঠে।
রথযাত্রা শেষে কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা, গীতা পাঠ, ভজন, কীর্তন, ভক্তিমূলক সংগীত পরিবেশন এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। উৎসবকে কেন্দ্র করে রঙিন ও ঐতিহ্যবাহী পোশাকে ভক্তদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও বর্ণিল ও দৃষ্টিনন্দন করে তোলে।
ফুলবাড়ী কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি জয়প্রকাশ গুপ্ত এবং শ্রীশ্রী শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মনোজ কুমার মল্লিক বলেন, ফুলবাড়ীর রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। প্রতি বছর হাজারো ভক্তের অংশগ্রহণে এই উৎসব আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এবারের রথযাত্রাতেও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ভক্তি আমাদের মুগ্ধ করেছে।
শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু এবং সাধারণ সম্পাদক জয়রাম প্রসাদ বলেন, উপজেলার বিভিন্ন গ্রামসহ আশপাশের উপজেলা থেকে কয়েক হাজার ভক্ত রথযাত্রায় অংশগ্রহণ করেছেন। বৈরী আবহাওয়া সত্তে¡ও ভক্তদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সবার সহযোগিতা ও প্রশাসনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কারণে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা সম্পন্ন হয়েছে।
রথযাত্রায় অংশ নেওয়া তরুণী ভক্ত সুর্বণা রায়, বিথী রায় ও মেঘা গুপ্তা বলেন, রথযাত্রা আমাদের কাছে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আনন্দ, ভক্তি ও মিলনমেলার এক অনন্য উপলক্ষ। প্রতিবছরের মতো এবারও আমরা পরিবার-পরিজন নিয়ে অংশ নিতে পেরে খুবই আনন্দিত। এত মানুষের একসঙ্গে ভক্তিভরে রথ টানা সত্যিই এক অসাধারণ অনুভূতি।
ফুলবাড়ীর প্রবীণ সাংবাদিক চন্দ্রনাথ গুপ্ত চান্দা বলেন, ফুলবাড়ীর রথযাত্রা বহু বছরের ঐতিহ্য বহন করে আসছে। সময়ের সঙ্গে এর পরিধি ও মানুষের অংশগ্রহণ আরও বেড়েছে। ধর্মীয় সম্প্রীতি, সামাজিক বন্ধন এবং ঐতিহ্য রক্ষায় এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, রথযাত্রাকে ঘিরে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আয়োজক ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত প্রচেষ্টায় শতস্ফুর্তভাবে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীরা তাদের উৎসব উদপাপন করেছেন।
উল্লেখ্য, আগামী ৮ দিন পূজা-অর্চনা ও বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে খোল-করতাল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে ফুলবাড়ী কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দির থেকে আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। সেদিন ভক্তরা রথ টেনে পুনরায় শ্রীশ্রী কেন্দ্রীয় শিব মন্দিরে নিয়ে যাবেন। সেখানে পূজা, ভক্তিকীর্তন ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে রথ পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

