সাইফুল ইসলামঃ বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীর প্রকৃত সংখ্যা নির্ধারণে এখন পর্যন্ত সরকারি কোনো পূর্ণাঙ্গ জরিপ সম্পন্ন হয়নি। তবে সরকারের পানিসম্পদ মন্ত্রণালয় প্রণীত জাতীয় নদ-নদীর তালিকায় আপাতত সুন্দরবনের প্রায় ৮০টি নদীর নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। বনাঞ্চলের বাকি নদীগুলো পর্যায়ক্রমে জরিপের মাধ্যমে তালিকায় স্থান পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সারা দেশের নদ-নদীর তালিকা প্রণয়নের উদ্যোগ নেয়। গত বছরের ডিসেম্বরে ১ হাজার ১৫৬টি নদীর খসড়া তালিকা এবং চলতি বছরের ২৭ মার্চ ১ হাজার ২৯৪টি নদীর নাম প্রকাশ করা হয়। তবে এই তালিকায় সুন্দরবনের অনেক নদীর নাম না থাকায় নদী গবেষক ও পরিবেশকর্মীদের মধ্যে সমালোচনা দেখা দেয়। এরই প্রেক্ষিতে সুন্দরবনের খুলনা অংশের ২৯টি নদীসহ মোট ৭০ থেকে ৮০টি নদী নতুন করে তালিকায় যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
সুন্দরবনের নদ-নদী তালিকাভুক্তির বিষয়ে জানতে চাইলে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “সুন্দরবনের অনেক এলাকায় এখনো ভূমি জরিপ হয়নি। আমরা সেসব নদীর নামই তালিকাভুক্ত করছি, যেগুলো কোনো না কোনো সরকারি রেকর্ডে রয়েছে। রেকর্ডের বাইরে থাকা নদীগুলো জরিপ ছাড়া তালিকাভুক্ত করার সুযোগ নেই।”
খুলনা ও বরিশাল বিভাগের সাতটি জেলায় (সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী) বিস্তৃত সুন্দরবনের জলপ্রবাহগুলোর সংজ্ঞা নিয়ে দীর্ঘদিন ধরেই মতভেদ রয়েছে। ব্রিটিশ আমলে বন অধিদপ্তরের তৈরি তালিকায় অধিকাংশ নদীকেই ‘খাল’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। বন বিভাগ দীর্ঘদিন ধরে সরু জলপ্রবাহগুলোকে খাল হিসেবেই তালিকাভুক্ত করে আসছে।
তবে নদী গবেষকদের একটি বড় অংশের দাবি, সুন্দরবনের এসব প্রাকৃতিক জলপ্রবাহ মূলত নদী এবং বনাঞ্চলে বর্তমানে ২২৭টি নদীর অস্তিত্ব রয়েছে। খুলনা অঞ্চলের নদী গবেষক মাহবুব সিদ্দিকির দাবি, সুন্দরবনে প্রকৃত অর্থে কোনো খাল নেই। তার মতে “অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে বন বিভাগের কর্মকর্তারা মৌয়াল, বাওয়াল ও জেলেদের কাছ থেকে তথ্য নিয়ে নদীর তালিকা প্রস্তুত করেছিলেন। স্থানীয়রা দুটি নদীর সংযোগস্থলকে ‘ভারানী’ বা ‘খাল’ বলতেন। কিন্তু এগুলো আসলে খাল নয়, নদী। আবহমানকাল ধরে এগুলো নদী হিসেবেই প্রবাহিত হচ্ছে।”
২০২৩ সালে প্রকাশিত তাঁর ‘সুন্দরবন ও গাঙ্গেয় বদ্বীপের মোহনা’ গ্রন্থে সুন্দরবনের ২২৭টি নদীর নাম উল্লেখ করা হয়েছে। এর আগে বাংলাপিডিয়া ও এশিয়াটিক সোসাইটির যৌথ গবেষণায় ১৭৭টি নদীর নাম পাওয়া গিয়েছিল। গবেষকদের মতে, হাড়িয়াভাঙ্গা, রায়মঙ্গল, ইছামতি, ভদ্রা, হরিণঘাটা, কুঙ্গা, মরজাদ, বাংড়া, মালঞ্চ, পশুর, শিবসা, আড়পাঙ্গাশিয়াসহ প্রায় ৫০টি বড় নদীকে বন বিভাগ খাল হিসেবে চিহ্নিত করলেও আন্তর্জাতিক জরিপ ও মানচিত্রে এগুলোর অধিকাংশই নদী হিসেবে স্বীকৃত।
রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, “নদী প্রাকৃতিকভাবে সৃষ্টি ও প্রবাহিত হয়, আর খাল সাধারণত মানুষের তৈরি। সুন্দরবনের সব জলপ্রবাহই প্রাকৃতিক। তাই স্থানীয়ভাবে খাল নামে পরিচিত হলেও বৈশিষ্ট্যগতভাবে সেগুলো নদী এবং রাষ্ট্র চাইলে এগুলোকে নদী হিসেবে স্বীকৃতি দিতে পারে।”
পাউবোর খুলনা জেলার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, নদীকর্মীদের দেওয়া তালিকা যাচাই-বাছাই শেষে খুলনা অংশে ২৯টি নদী অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “অনেক নদীর একাধিক নাম পাওয়া গেছে। কোথাও স্থানীয় নাম, কোথাও কেতাবী নাম রয়েছে। আমরা স্থানীয় নামকে অগ্রাধিকার দিয়েছি। বন বিভাগের তালিকায় যেগুলো খাল হিসেবে উল্লেখ আছে, সেগুলো আপাতত খালের তালিকায় রাখা হয়েছে। পরবর্তীতে কোনো নদী বাদ পড়ে থাকলে তা অন্তর্ভুক্ত করা হবে।”
পাউবোর পরিকল্পনা-১ পরিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) ড. রবীন কুমার বিশ্বাস জানান, খুলনা অঞ্চলের ২৯টি নদীসহ সুন্দরবনের মোট ৭০-৮০টি নদী তালিকাভুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে জরিপের ভিত্তিতে আরও নদ-নদী অন্তর্ভুক্ত করা হবে। শিগগিরই দেশের নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলেও পাউবো সূত্রে জানা গেছে।

