কুলিয়ারচরে রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

0
কুলিয়ারচরে রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

লোকমান হোসাইন : কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন একটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের তীব্র প্রতিবাদের মুখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, প্রায় ২ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর-পিরিজপুর পাকা সড়কের দক্ষিণ গোবরিয়া (জাব্বা বাড়ি) মোড় থেকে পূর্ব গোবরিয়া মাদ্রাসা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার নির্মাণকাজের দায়িত্ব পায় চট্টগ্রামের মেসার্স ইউনূস অ্যান্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কয়েকদিন আগে তারা নির্মাণকাজ শুরু করে।

স্থানীয় সূত্র জানায়, ১৭ জুলাই নির্মাণকাজ চলাকালে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে স্থানীয় যুবসমাজের নজরে আসে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে কাজে বাধা দেন এবং নির্মাণকাজ বন্ধ করে দেন। এ সময় তারা নিম্নমানের সামগ্রী ব্যবহারের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত ভাইরাল হয় এবং এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এলাকাবাসীর অভিযোগ, পর্যাপ্ত তদারকির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানটি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার সুযোগ পেয়েছে। তারা দাবি করেন, একই প্রতিষ্ঠান কুলিয়ারচরের আরও কয়েকটি সড়ক নির্মাণকাজের দায়িত্বে রয়েছে এবং অতীতেও তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয়দের অভিযোগের পর উপজেলা এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী মামুন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগের সত্যতা পেয়ে তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সাময়িকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। পাশাপাশি ব্যবহৃত নিম্নমানের সামগ্রী অপসারণ করে মানসম্মত উপকরণ দিয়ে পুনরায় কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইউনূস অ্যান্ড ব্রাদার্স-এর স্বত্বাধিকারী মো. ইউনূস মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মামুন মিয়া নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “কাজের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিম্নমানের সব সামগ্রী সরিয়ে ফেলতে বলা হয়েছে। নিয়ম অনুযায়ী মানসম্মত উপকরণ ব্যবহার করে পুনরায় কাজ শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে।”

এলাকাবাসীর প্রত্যাশা, এলজিইডির কঠোর তদারকির মাধ্যমে সড়কটির নির্মাণকাজ সঠিক মান বজায় রেখে সম্পন্ন হবে এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে।