মৌলভীবাজার প্রতিনিধি: সততা, নিষ্ঠা, সফলতা ও সুনামের স্মৃতিময় পথচলার শেষ প্রান্তে দীর্ঘ শিক্ষা-জীবনের গৌরবময় সমাপ্তি উপলক্ষে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলীকে আন্তরিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৮ জুলাই ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান এবং ‘মো. জহির আলী সংবর্ধনাগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. দিদার চৌধুরী। মো. জহির আলী সংবর্ধনা পরিষদের আহ্বায়ক ও কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে এবং শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. সঞ্জিত সেন রায়, বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) অবিনাশ আচার্য, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, শ্রীমঙ্গল ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সালাহ উদ্দিন আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ভূনবীর দশরথ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তী, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও র্যানার স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক, শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের শাহেদ গাজী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, হাজী মনছব উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাসান এবং সিলেট পাইলট স্কুলের শিক্ষক ও শিক্ষক নেতা মো. কবির আহমদসহ প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মো. জহির আলী দীর্ঘ শিক্ষকতা জীবনে নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিক্ষা বিস্তার, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাঁর অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। একজন আদর্শ শিক্ষক, দক্ষ সংগঠক ও বিচক্ষণ প্রশাসক হিসেবে তিনি সহকর্মী, শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রিয় ব্যক্তিত্ব। অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন সংবর্ধিত ব্যক্তি শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলী। তিনি দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতিচারণ করে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতেও শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষানুরাগী, শুভানুধ্যায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন। তাঁরা শিক্ষা ক্ষেত্রে মো. জহির আলীর অসামান্য অবদান, সততা, নিষ্ঠা, কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর অবসর-পরবর্তী জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মো. জহির আলীকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক, ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়। বিদায়ের আবেগঘন পরিবেশে উপস্থিত সবাই দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাঁকে সম্মান জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, শান্তিময় ও কল্যাণময় অবসর জীবন কামনা করেন। মো. জালাল উদ্দিন

