জয়পুরহাট প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। ছাত্র-জনতার রক্তস্নাত ঐতিহাসিক এই আন্দোলনের দুই বছর পূর্তিতে বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের ড. আবুল কাশেম ময়দানের ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
সকাল ৯টায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য ফজলুর রহমান, জেলা প্রশাসক আল-মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম ও জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
পর্যায়ক্রমে জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, জেলা পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সাথে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দিবসটি উপলক্ষে জয়পুরহাটের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে।

