খাবারের প্লেটে মাংস কমঃ লক্ষ্মীপুরে বর ও কনেপক্ষের তুমুল মারামারি, আহত ১০

0
খাবারের প্লেটে মাংস কমঃ লক্ষ্মীপুরে বর ও কনেপক্ষের তুমুল মারামারি, আহত ১০

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের ভোজে প্লেটে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। কথা-কাটাকাটি থেকে শুরু হওয়া এই মারামারিতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার কেরোয়া ইউনিয়নের মন্ত্রী পাটোয়ারী বাড়িতে এ অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

কনে নাজমা আক্তারের সাথে বর মুক্তার হোসেনের বিয়ে সম্পন্ন হওয়ার পর অতিথিরা খাবার খেতে বসেন। খাওয়ার একপর্যায়ে বরের বড় ভাই প্লেটে মাংস কম দেওয়া ও খাবারের মান নিয়ে চড়াও হন।

খাবারের বিষয় নিয়ে বরপক্ষের ক্ষোভের মুখে কনেপক্ষ কথা বলতে গেলে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বর নিজেই উত্তেজিত হয়ে বাঁশ-লাঠি নিয়ে হামলার চেষ্টা চালান। এরপরই উভয়পক্ষের মধ্যে তুমুল মারামারি লেগে যায়।

এতে কনের বাবা শাহ আলম পাটোয়ারীসহ বেলাল হোসেন, শাহিনুর ও ইয়াসিনসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও একজনকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়পুর থানা পুলিশ জানায়, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।