বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক এবং ঝটিকা মিছিলের পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গুলশানের ‘পুলিশ প্লাজা কনকর্ড’-এর পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), নান্নু মিয়া (৩৮), আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) ও ইব্রাহিম হোসেন (৩৩)।
গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানা পুলিশ জানতে পারে যে, পুলিশ প্লাজার একটি রেস্তোরাঁয় নিষিদ্ধ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী গোপনে জড়ো হয়ে বৈঠক করছেন। এই তথ্যের সত্যতা পেয়ে পুলিশ সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে রেস্তোরাঁয় এই বৈঠকের পর রাজধানীর রাস্তায় হঠাৎ মিছিল বের করার পরিকল্পনা ছিল তাদের।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

