অনলাইন জুয়া ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আত্রাইয়ে প্রবাসী মিলনের ব্যতিক্রমী উদ্যোগ

0
অনলাইন জুয়া ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আত্রাইয়ে প্রবাসী মিলনের ব্যতিক্রমী উদ্যোগ

রাণীনগর প্রতিবেদক: ​মাদক ও অনলাইন জুয়ার ধ্বংসাত্মক পথ থেকে তরুণ সমাজকে ফেরাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নওগাঁর আত্রাই উপজেলার ৬নং মনিয়ারী ইউনিয়নের প্রবাসী সাকিদার মিলন। যুবসমাজকে মাঠমুখী করতে তিনি ইউনিয়নের ১৮টি গ্রামের ক্রীড়া দলের মাঝে জার্সি বিতরণ করেছেন।

​স্থানীয়রা জানান, গ্রামের তরুণদের মাঝে অনলাইন জুয়া ও মাদকের থাবা ছড়িয়ে পড়ায় তাদের সুপথে রাখতে খেলাধুলাকেই সামাজিক প্রতিরোধের প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন তিনি। ​স্থানীয়রা আরও জানান, প্রবাসে থাকলেও অসহায়দের পাশে দাঁড়ানোসহ নানা সামাজিক কাজে নিয়মিত ভূমিকা রেখে চলছেন সাকিদার মিলন। বর্তমানে তিনি ৬ নং মনিয়ারী ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। ​নওদুলী আদর্শ ক্লাবের হান্নান শেখ জানান, সাকিদার মিলন শুধু জার্সি বিতরণেই সীমাবদ্ধ থাকেননি, বরং যুবসমাজকে সংগঠিত করে নিয়মিত খেলার পরিবেশ তৈরি করছেন। ​মুঠোফোনে সাকিদার মো. মিলন বলেন, মাদক ও জুয়া থেকে তরুণদের বাঁচাতে আইনি পদক্ষেপের পাশাপাশি সুস্থ বিনোদন প্রয়োজন। তরুণরা অনলাইনে সময় নষ্ট না করে মাঠে থাকলে একটি সুস্থ প্রজন্ম গড়ে উঠবে। মূলত সামাজিক দায়বদ্ধতা এবং এলাকার উন্নয়নের লক্ষ্য থেকেই ১৮টি গ্রামের তরুণদের পাশে দাঁড়িয়েছি।

​এলাকাবাসীর মতে, মাদকমুক্ত সমাজ গঠনে এমন উদ্যোগ দীর্ঘমেয়াদে শুভ ফল দেবে এবং অন্যদেরও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে।