উল্লাপাড়ায় গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রমে যে কাজ করলেন

0
উল্লাপাড়ায় গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রমে যে কাজ করলেন

উল্লাপাড়া প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শনিবার নাগরৌহা গ্রামবাসীদের স্বেচ্ছাশ্রমে কেন্দ্রীয় কবরস্থানের আগাছা জঙ্গল সাফ হয়েছে। গ্রামের নানা পেশার জনগণ কবরস্থানের আগাছা জঙ্গল সাফ করার কাজ অতি আগ্রহে স্বতঃস্ফূর্তভাবে করেন।

এতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে। উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের কেন্দ্রীয় কবরস্থানের জমির পরিমাণ প্রায় আড়াই বিঘা বলে জানা গেছে। পুরো কবরস্থান এলাকা নানা ধরণের আগাছা জঙ্গলে ভরপুর হয়েছিলো। কবরস্থানের আগাছা জঙ্গল সাফ করতে আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হবে ভেবে গ্রামবাসীদের স্বেচ্ছাশ্রমে তা সাফ করার উদ্যোগ নেওয়া হয়। গতকাল শুক্রবার বিকেলে গ্রামবাসীদের স্বেচ্ছাশ্রমে কবরস্থানের আগাছা জঙ্গল সাফ করার উদ্যোগ নেওয়ার বিষয় মাইকিং করে জানানো হয়। নাগরৌহা গ্রামের প্রধানগণ ও কবরস্থান পরিচালনা কমিটি এর উদ্যোগ নিয়ে আহবান করেন।

আজ শনিবার বাদ ফজর পর পরই নাগরৌহা ও বাখুয়া মিলপাড়ার নানা পেশার প্রায় দুইশো জন আগাছা জঙ্গল সাফ করার কাজ করেন। উল্লাপাড়ার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা আব্দুল হাকিম , সদর উল্লাপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য ( মেন্বর) গ্রাম আদালতের চেয়ারম্যান এম সাহারুল হক সাচ্চু ভোর সকাল থেকেই তার নিজ গ্রামের কবরস্থানে উপস্থিত থেকে সবাইকে কাজে উৎসাহ দেন। গ্রামের প্রধানগণ ও কবরস্থান পরিচালনা কমিটির সদস্যগণ আগাছা জঙ্গল সাফ করার কাজে সবাইকে উৎসাহ দিয়ে নিজেরাও করেন। কবরস্থান পরিচালনা কমিটির হাজী আঃ মালেক সরকার , আবুল বাসার নান্নু , মোক্তার হোসেন , হাজী শাহাদত হোসেন সরকার বলেন কবরস্থানের আগাছা জঙ্গল সাফ করতে মজুরী দিয়ে করালে কমপক্ষে আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লাগতো। সেখানে গ্রামবাসীদের আড়াই ঘণ্টার মিলিত খাটুনিতে পুরো কবরস্থান সাফ করা হলো।

গ্রামের অনেকেরই কথায় আজকের স্বেচ্ছাশ্রমের কাজটি অন্য গ্রামবাসীদের কাছে এমন স্বেচ্ছাশ্রমের কাজে উৎসাহ যোগাবে।