কলাপাড়া প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের ২০ জন গরীব মেধাবী শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার(১০ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক এর স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স প্রোগ্রাম এর আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আইয়ুব আলীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপকরণ বিতরণ করেন ব্রাক স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স প্রোগ্রামের সিনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার কে এম মশিউর রহমান। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপকরণগুলো হলো একটি স্কুল ব্যাগ, ১টি জ্যামিতিক বক্স, ২টি বড় সাইজের খাতা এবং ২টি কলম। এর আগেও এসব শিক্ষার্থীদের খাতা, কলম, স্কেল ও জ্যামিতিক বক্স উপহার দিয়েছেন সংগঠনটি।
উপহার পেয়ে ৬ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাওন তালুকদার বলেন, আমার আগের ব্যাগটি ছিড়ে গেছে। এই ব্যাগ এবং উপকরণ পেয়ে আমার অনেক উপকার হয়েছে। এছাড়াও ব্রাক অফিসে আমাদের স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স এর একাউন্ট আছে। আমারা প্রতি মাসে এখানে টাকা জমা রাখি।
প্রধান শিক্ষক মো.আইয়ুব আলী বলেন, এই প্রকল্পের মাধ্যমে আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিকে টাকা জমা করছে। অপরদিকে ইংরেজি স্পোকেন কোর্সে অংশ নিয়ে ইংরেজি বিষয়ে দক্ষতা অর্জন করছে। শিক্ষার্থীদের পাশে থাকার জন্য উন্নয়ন সংস্থা ব্রাক এবং প্রকল্পের সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
প্রকল্পের কর্মকর্তা কে এম মশিউর রহমান বলেন, বর্তমানে কলাপাড়া উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের এই কর্মসূচি চলমান রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দক্ষ প্রশিক্ষক দ্বারা শিক্ষার্থীদের বিনামূল্যে স্পোকেন ইংলিশ কোর্স করানো হচ্ছে। সেই সাথে শিক্ষার্থীদের বিনামূল্যে একাউন্ট করার সুযোগ দেওয়া হয়েছে। যার মাধ্যমে শিক্ষার্থীরা প্রতি মাসে টাকা জমা রাখতে পারেন। এছাড়াও সকল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, গাছের চারা এবং কবুতর সহ অন্যান্য সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, অচিরেই এই প্রকল্পের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১০০ জন শিক্ষার্থীকে ফ্রি ল্যান্সিং প্রশিক্ষণ দেয়া হবে।

