লোকমান হোসাইন : ১৬ আগস্ট (রোববার) কিশোরগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন জেলার পাকুন্দিয়া, কটিয়াদী ও সদর উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সড়কপথে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উদ্দেশে রওনা হবেন। বেলা ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত, বিতরণ এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর দুপুর ১২টায় কটিয়াদী উপজেলার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। বেলা ১২টা ৫৫ মিনিটে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন এবং বেলা ১টায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।
দুপুর ১টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উদ্দেশে রওনা হবেন। সেখানে বেলা ২টায় সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এবং কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
এরপর বিকেল ৩টায় কিশোরগঞ্জ সার্কিট হাউসে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিতি ও বিরতির পর বিকেল ৪টায় জেলা শহরের পুরাতন স্টেডিয়াম মাঠে যাবেন। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
সফরসূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী এবং রাত ৮টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কিশোরগঞ্জে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা, আইনশৃঙ্খলা, যানবাহন চলাচল ও জনসমাগম নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয় নিয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।

