মাথায় কাফনের কাপড়, হাতে অস্ত্র নিয়ে ঈশ্বরদীতে সাবেক ছাত্রদল নেতার মহড়া

0
মাথায় কাফনের কাপড়, হাতে অস্ত্র নিয়ে ঈশ্বরদীতে সাবেক ছাত্রদল নেতার মহড়া

ঈশ্বরদী প্রতিনিধিঃ মাথায় কাফনের কাপড় বেঁধে হাতে অস্ত্র নিয়ে পাবনার ঈশ্বরদী শহরে প্রকাশ্যে মহড়া দিয়েছেন সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পি। একপর্যায়ে তিনি থানায় গিয়ে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুলভ মালিথা ছিলেন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

জুবায়ের হোসেন বাপ্পির দাবি, তাঁকে হত্যার হুমকি দেওয়া ব্যক্তিদের পাশাপাশি মাদক ও সুদের কারবারিদের ‘ওপেন চ্যালেঞ্জ’ জানাতেই তিনি মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে রাস্তায় নেমেছেন।

এদিকে বাপ্পিকে গ্রেপ্তারের দাবিতে ছাত্রদল, যুবদল ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঈশ্বরদী থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও স্লোগান দেন। পরে পুলিশ বাপ্পিকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ও থানার ওসি আশাদুর রহমান আসাদের নেতৃত্বে পুলিশ সদস্যরা থানার সামনে অবস্থান নেন।

বাপ্পির দাবি, ঈশ্বরদীর কয়েকজন সন্ত্রাসী তাঁকে হত্যার হুমকি দিয়েছেন। এর প্রতিবাদে এবং হুমকিদাতাদের ‘ওপেন চ্যালেঞ্জ’ জানাতে তিনি শহরের কলেজ রোডের বাড়ি থেকে মাথায় কাফনের কাপড় বেঁধে হাতে অস্ত্র নিয়ে বের হন। পরে জিরো পয়েন্ট রেলগেটে যান। সেখান থেকে সন্ধ্যায় থানায় গিয়ে পুলিশকে বলেন, ‘আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ কারণে আমি ওপেন চ্যালেঞ্জ দিতে প্রকাশ্যে রাস্তায় নেমেছি। থানায় এসেছি।’

এদিকে জুবায়ের বাপ্পি থানায় অবস্থান করছেন—এ খবর পেয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসান, বিএনপি নেতা আনোয়ার হোসেন জনি এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা একজোট হয়ে কয়েকশ নেতাকর্মী নিয়ে থানার সামনে বিক্ষোভ করেন।

স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসান বলেন, ‘জুবায়ের বাপ্পি প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে বকুলের মোড় থেকে রেলগেটে এসে গালাগালি ও হত্যার হুমকি দিয়েছেন। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। তাঁকে গ্রেপ্তার এবং তাঁর অস্ত্রের লাইসেন্স বাতিল করতে হবে।’

ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান আসাদ বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত জুবায়ের বাপ্পিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অস্ত্র প্রদর্শন করে কাউকে হুমকি দিলে বা অস্ত্রের অপব্যবহার করলে সংশ্লিষ্ট অস্ত্রের লাইসেন্স বাতিল করার বিধান রয়েছে। বিষয়গুলো খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জুবায়ের বাপ্পি পুলিশের হেফাজতে থানায় অবস্থান করছিলেন।